দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস সবগুলো মূল্যসূচকের উত্থানে লেনদেন চলছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টা পর্যন্ত যে কয়টি শেয়ার ও ইউনিটের দাম কমেছে, তার চেয়ে পাঁচগুণ বেশি সংখ্যকের দাম বেড়েছে। পাশাপাশি এ সময়ে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৭ কোটি টাকার বেশি, মোট লেনদেন হয়েছে ১৩৯ কোটি টাকার শেয়ার।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বেলা ১১টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স মূল্যসূচক আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর শরীয়াহ কোম্পানিগুলোর সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে এক হাজার ১৫৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৯ পয়েন্ট বেড়ে ২ হাজার ৮১ পয়েন্ট হয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৮০টির। বিপরীতে কমেছে ৫২টির। আর ৫৩টির দর অপরিবর্তিত ছিল। এ সময়ে ডিএসইতে মোট ১৩৯ কোটি ৫ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রথম ঘণ্টার লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে ফারইস্ট নিংটিং অ্যান্ড ডাইনিং ইন্ডাস্ট্রিজ পিএলসির শেয়ার। এ সময় পর্যন্ত কোম্পানিটির মোট ৭ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার প্রথম ঘণ্টায় ৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকায় শীর্ষে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।










