প্রায় তিন বছর পর দেশের বাজারে পুনরায় পারটেক্স পিভিসি ডোর নিয়ে এসেছে নাবিল গ্রুপ। ‘টেকসই, আস্থা ও আধুনিক স্থাপত্যের ভিত্তি’ স্লোগানকে সামনে রেখে পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেড নতুন করে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর একটি হোটেলে ‘পারটেক্স পিভিসি ডোর রি-লঞ্চিং’ শীর্ষক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নাবিল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম বলেন, ‘নতুন করে পথচলায় আমরা আন্তর্জাতিক মানের তিন ধরনের ইউপিভিসি ডোর বাজারজাত শুরু করেছি। স্ট্রাকচারাল লোডিং টেস্ট, ইউভি কালার ফেডিং টেস্ট, সাউন্ড ও ওয়াটার রেজিস্ট্যান্স টেস্ট ইত্যাদি পরীক্ষায় উত্তীর্ণ দরজাগুলোই কেবল বাজারজাত করছি। আমাদের শক্তিশালী ও প্রশিক্ষিত পরিবেশক নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশে গ্রাহকসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থান থেকে বাছাই করা পরিবেশকদের নিয়ে আসা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন পারটেক্স পিভিসি ডোরের চিফ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার সৈয়দ কাইয়ুম হাসান ও এক্সিকিউটিভ ডিরেক্টর জাবিদ ইকবালসহ প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
উল্লেখ্য, পারটেক্স গ্রুপের মালিকানাধীন পারটেক্স পিভিসি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কিনে নিয়েছে নাবিল গ্রুপ।










