কয়লা আমদানিতে সপ্তম শীর্ষ দেশ তুরস্ক। চলতি বছরের প্রথমার্ধে দেশটির ধাতব কয়লা আমদানি ১ দশমিক ৪ শতাংশ হ্রাস পেয়েছে। টার্কিস স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (টিইউআইকে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। খবর স্টিলঅরবিস।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-জুন পর্যন্ত তুরস্ক সব মিলিয়ে ২৮ লাখ ৫০ হাজার টন ধাতব কয়লা আমদানি করে। রফতানীকৃত এসব ধাতব কয়লা থেকে ৩৭ কোটি ৫৪ লাখ ৯০ হাজার ডলার রাজস্ব এসেছে। আমদানি কমলেও গত বছরের একই সময়ের তুলনায় রাজস্ব বেড়েছে ৩ দশমিক ২ শতাংশ।

এ সময়ের মধ্যে তুরস্ক অস্ট্রেলিয়া থেকে সবচেয়ে বেশি ধাতব কয়লা আমদানি করে। বছরের প্রথম ছয় মাসে দেশটি থেকে কয়লা এসেছে ১৩ লাখ ৮ হাজার ১৬৩ টন। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে এসেছে ৬ লাখ ৫৫ হাজার ৭৭৪ টন এবং কানাডা থেকে এসেছে ৪ লাখ ৭০ হাজার ২৯৮ টন।