২০২১-২২ অর্থবছরের ঘোষিত বাজেটে ইস্পাত আমদানিতে শুল্ক কমানোর প্রস্তাব দেয়া হয়েছে। সরকারের এ প্রস্তাবে ভারতের অভ্যন্তরীণ বাজারে আমদানীকৃত ইস্পাত আরো বেশি প্রতিযোগিতামূলক হবে। ফলে দেশটির বাজারে ব্যবহারিক ধাতুটির দাম ১০ শতাংশের মতো কমে আসতে পারে বলে মনে করছে দেশটির বিনিয়োগ তথ্য প্রদানকারী প্রতিষ্ঠান ও রেটিং এজেন্সি আইসিআরএ। খবর আইএএনএ।

আমদানীকৃত ইস্পাতের ওপর শুল্ক পরিবর্তনের এ প্রস্তাবের প্রভাব সম্পর্কে আইসিআরএ তাদের প্রতিবেদনে বলছে, বাজেটে সরকারের বিভিন্ন ইতিবাচক ঘোষণায় সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ বাজারে ইস্পাতের চাহিদা আরো বাড়বে। এছাড়া কোনো কারণে আন্তর্জাতিক বাজারে যদি বর্তমান দামে বড় পরিবর্তন না হয়, তাহলে অভ্যন্তরীণ বাজারে ইস্পাতের দাম স্বাভাবিক পর্যায়ে থাকবে।

আইসিআরএর করপোরেট সেক্টর রেটিংস বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ হেড জয়ন্ত রায় বলেন, দক্ষিণ কোরিয়া ও জাপানের মতো যেসব দেশের সঙ্গে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) রয়েছে, যেসব দেশের ক্ষেত্রে আমদানি শুল্ক কমানোর এ প্রস্তাব কার্যকর হবে না। 

মূলত অভ্যন্তরীণ বাজারে ইস্পাতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জেরে বাজেটে ব্যবহারিক ধাতুটির ওপর আমদানি শুল্ক কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। গত বছরের জুন পর্যন্ত ভারতে উৎপাদিত হট রোলড কয়েলের (এইচআরসি) টনপ্রতি দাম ছিল ৩৬ হাজার ২৫০ রুপি। তবে অভ্যন্তরীণ চাহিদা বাড়ায় এর পর থেকেই লাগামহীনভাবে ব্যবহারিক ধাতুটির দাম বাড়তে থাকে। ফলে পরের ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এইচআরসি ইস্পাতের দাম ৫৪ শতাংশের মতো বাড়ে। মূল্যবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকায় সর্বশেষ গত জানুয়ারিতে প্রতি টন এইচআরসির মূল্য পৌঁছেছে ৫৮ হাজার রুপিতে।