চলতি ২০২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি গ্লোবাল ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৩ শতাংশ কমেছে। কোম্পানিটির চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে গতকাল এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৯৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময় যা ছিল ১ টাকা ২২ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ২৮ পয়সা। আর সর্বশেষ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩৪ পয়সা, গত বছরের একই সময় যা ছিল ৩৭ পয়সা। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর শেষে শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৫২ পয়সা, গত বছরের একই সময় যা ছিল ১৩ টাকা ৩৯ পয়সা।