সর্বশেষ ৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ঘোষিত ৭ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে পাঠিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস (বিডি ল্যাম্পস) লিমিটেড। এর বাইরে আলোচ্য হিসাব বছরে শেয়ারহোল্ডাদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে কোম্পানিটি। এ-সংক্রান্ত রেকর্ড ডেট ছিল গত বছরের ১০ নভেম্বর। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১-২২ হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৭৮ পয়সা। এর আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ১০ পয়সা। সদ্যসমাপ্ত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯০ টাকা ৯৯ পয়সায়। এর আগের হিসাব বছর শেষে যা ছিল ৯৫ টাকা ১৬ পয়সায়।

৩০ জুন সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে বিডি ল্যাম্পস। সমাপ্ত হিসাব বছরে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছে ৫ টাকা ১০ পয়সা। যেখানে আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ৯ টাকা ৮৮ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৯৫ টাকা ১৬ পয়সায়।