স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘ফাইন্যান্সিয়াল ক্রাইম অ্যান্ড কমপ্লায়েন্স (এফসিসি) সার্টিফিকেশন’ শীর্ষক এক প্রোগ্রামের আওতায় এ পর্যন্ত চারটি ব্যাচের প্রশিক্ষণ শেষ হয়েছে। আরো একটি ব্যাচের প্রশিক্ষণ চলছে। দেশের আর্থিক অপরাধ প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চালু করা এ কর্মসূচির সাফল্য উদযাপন করতে সম্প্রতি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. জাকির হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। অনুষ্ঠানে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় ও ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক আরশাদ চৌধুরী, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম ও ব্র্যাক বিজনেস স্কুলের ডিন অধ্যাপক মোহাম্মদ মুজিবুল হক বক্তব্য রাখেন। —বিজ্ঞপ্তি