দেশের পুঁজিবাজারে দুদিন পর গতকাল আবারো ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ডিএসইর সূচক বাড়লেও লেনদেন কমেছে। তবে দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে গতকাল সূচক ও লেনদেন বেড়েছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল সাড়ে ৯টায় লেনদেন শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে। মাঝে কিছুটা কমলেও দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়েছে। সূচকটির বর্তমান অবস্থান ৬ হাজার ৪৭১ পয়েন্টে। আগের কার্যদিবসে যা ছিল ৬ হাজার ৪৩১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ২১ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২৮৬ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ১৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে। আগের দিন শেষে যা ছিল ১ হাজার ৪১০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল বিকন ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারের।
ডিএসইতে গতকাল ১ হাজার ৩১৫ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ৪০০ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৬৭টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৪৬টির আর অপরিবর্তিত ছিল ৯৪টি সিকিউরিটিজের বাজারদর।










