একটি গাড়ির ব্যাটারিতে আগুন লাগার জের ধরে এফ-১৫০ মডেলের বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) নির্মাণ স্থগিত করেছে ফোর্ড মোটর কোম্পানি। নির্মাতা জায়ান্টটি সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে একটি গাড়ির ব্যাটারিতে অগ্নিকাণ্ডের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কমপক্ষে আগামী এক সপ্তাহ প্রতিষ্ঠানটির এফ-১৫০ লাইটনিং ইভি উৎপাদন বন্ধ থাকবে। বিক্রয়ের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে বৃহত্তম মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ড। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিশিগানের ডিয়ারবর্নে কোম্পানির হোল্ডিং লটে প্রি-ডেলিভারি কোয়ালিটি যাচাইয়ের সময় একটি ইভি ট্রাকে আগুন ধরে যায়। এরপর আগুন নিকটবর্তী অন্য একটি ট্রাকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার পরের দিন ডিয়ারবর্নে অবস্থিত সংযোজন কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।
নির্মাতা জায়ান্টটি জানিয়েছে, অগ্নিকাণ্ডের মূল কারণ চিহ্নিত করা হয়েছে। আগামী সপ্তাহের শেষের দিকে এ নিয়ে বিস্তর তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে। ট্রাকের ব্যাটারি উৎপাদন প্রক্রিয়া উন্নত করার চেষ্টা চলছে। এতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। গাড়ি নির্মাতা সংস্থাটি এরপর উৎপাদন ও সরবরাহ বন্ধ করেছে। ফোর্ড কর্তৃপক্ষ বলছে, আমরা ইঞ্জিনিয়ারিং ও প্রসেস আপডেটের মাধ্যমে এরই মধ্যে নির্মিত গাড়িগুলো বিক্রি বজায় রাখার চেষ্টা করব। কর্তৃপক্ষ মনে করছে, গ্রাহকদের হাতে থাকা এফ-১৫০ লাইটনিং মডেলটিতে এমন সমস্যা নেই।
ফোর্ড অটোমোটিভ নিউজ মিডিয়া জানিয়েছে, প্রতিষ্ঠানটি সাময়িকভাবে লুইসভিলের সংযোজন কারখানার ‘২০২৩ ফোর্ড এস্কেপ’ এসইভির উৎপাদন বন্ধ করেছে। একটি মেমো উদ্ধৃত করে বার্তা মিডিয়াটি জানিয়েছে, এ গাড়ির ডাটা ডিসপ্লে ক্লাস্টারে সফটওয়্যারের কিছুটা সমস্যা রয়েছে। প্রতিষ্ঠানটি শ্রমিকদের জানিয়েছে, কারখানাটি ১৩-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। খবর রয়টার্স।










