সরবরাহ সংকটের উদ্বেগে বেড়েছে মালয়েশিয়ান পাম অয়েলের ভবিষ্যৎ সরবরাহ মূল্য। বিশ্বের শীর্ষ উৎপাদক ইন্দোনেশিয়া পাম অয়েল রফতানির শর্ত বাড়ানোয় বাজারদরে প্রভাব পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। খবর বিজনেস রেকর্ডার।
বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে মালয়েশিয়ান বাজার আদর্শ পাম অয়েলের এপ্রিলে সরবরাহ চুক্তিতে দাম দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ হাজার ৫৯৮ রিঙ্গিত বা ১ হাজার ৩৩৮ ডলার ৫৯ সেন্টে পৌঁছেছে।
কুয়ালালামপুরভিত্তিক এক ব্যবসায়ী জানান, অপরিশোধিত পাম অয়েল ও পাম অয়েলজাত অন্যান্য পণ্য বাণিজ্যে ইন্দোনেশিয়া নানা বিধিনিষেধ আরোপ করার পর মালয়েশিয়ান পাম অয়েলের দাম বাড়তে থাকে। ক্রেতারা আপত্কালীন মজুদের লক্ষ্যে পাম অয়েল ক্রয় বাড়িয়েছেন। এ কারণেই পণ্যটির বাজার ঊর্ধ্বমুখী।
ইন্দোনেশিয়ার বাণিজ্য মন্ত্রণালয়ের নতুন বিধিমালা অনুযায়ী, দেশটির পাম অয়েল রফতানিকারকদের পরিকল্পিত রফতানি পণ্যের ২০ শতাংশ সরকারি প্রতিষ্ঠানে সরবরাহ করতে হবে। স্থানীয় বাজারে পণ্যটির দাম কমিয়ে আনা ও শিল্প খাতকে সমৃদ্ধ করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে মালয়েশিয়ান পাম অয়েল বোর্ড জানিয়েছে, জানুয়ারিতে দেশটির পাম অয়েলের মজুদ আগের মাসের তুলনায় ৩ দশমিক ৮৫ শতাংশ কমেছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার টনে।










