বিদ্যুচ্চালিত শেভ্রোলেট বোল্টের দাম কমানোর ঘোষণা দিয়েছে জেনারেল মোটরস (জিএম)। ব্যাটারি প্রতিস্থাপনের জন্য ছয় মাস বিক্রি বন্ধের পর গাড়িগুলোর দাম কমানো হবে বলে জানিয়েছে মার্কিন বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
জিএম জানিয়েছে, সর্বনিম্ন মূল্যের সংস্করণের জন্য বোল্টের দাম প্রায় ৬ হাজার বা ১৮ শতাংশ কমানো হচ্ছে। ফলে এ গাড়ির দাম ৩২ হাজার ৪৯৫ ডলার থেকে কমে ২৬ হাজার ৫৯৫ ডলারে দাঁড়াবে। এছাড়া বোল্ট ইইউভির দাম ৩৫ হাজার ৬৯৫ ডলার থেকে কমে ২৮ হাজার ১৯৫ ডলার দিয়ে শুরু হবে।
এক বিবৃতিতে জিএম জানিয়েছে, বোল্ট ইভি ও ইইউভিকে বাজারে আরো প্রতিযোগিতামূলক করে তুলতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ২০১৬ সালে প্রথম বাজারে ছাড়ার পর চলতি বছর আরো বেশি বোল্ট ইভি ও ইইউভি উৎপাদনের পরিকল্পনা করা হয়েছে। ২০২১ সালে বোল্টের বিক্রি ২৪ হাজার ৮২৮ ইউনিটে পৌঁছেছে।
আগুনের ঝুঁকির কারণে গত বছরের আগস্টে বোল্টের ব্যাটারি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। পার্ক করা গাড়িতে একের পর এক অগ্নিকাণ্ডের পর প্রতিষ্ঠানটি ১ লাখ ৪০ হাজার ইউনিটেরও বেশি গাড়ির ব্যাটারি প্রতিস্থাপনের জন্য মডেল দুটি প্রত্যাহার করে। সে সময় বোল্টের উৎপাদন ও বিক্রি সমায়িকভাবে স্থগিত করা হয়েছিল। এরপর চলতি বছরের শুরুতে বিক্রি এবং গত এপ্রিলে পুনরায় মডেলগুলোর উৎপাদন শুরু করা হয়।










