হংকং ইস্যুকে কেন্দ্র করে মার্কিন-চীন বাণিজ্য বিরোধ নতুন মোড় নিয়েছে। সহসাই এর কোনো সমাধান দেখছেন না বাজার বিশ্লেষকরা। এ কারণে যুক্তরাষ্ট্রের পরিবর্তে সয়াবিন আমদানিতে আর্জেন্টিনার প্রতি ঝুঁকেছে চীন। খবর ব্লুমবার্গ ও এসঅ্যান্ডপি গ্লোবাল প্লাটস।

চীনের অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমসের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে চীনের সয়াবিন আমদানি কমে তিন মাসের সর্বনিম্নে ঠেকেছে। তবে একই সময়ে আর্জেন্টিনা থেকে খদ্যপণ্যটির আমদানি ২৯ গুণ বাড়িয়েছেন চীনের আমদানিকারকরা।

যুক্তরাষ্ট্র থেকে এ সময় দেশটি মোট সাড়ে ১১ লাখ টন সয়াবিন আমদানি করেছে। আগের মাসে কৃষিপণ্যটি আমদানির পরিমাণ ছিল ১৭ লাখ ৩০ হাজার টন। অর্থাৎ এক মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে দেশটির সয়াবিন আমদানি কমেছে ৫ লাখ ৮০ হাজার টন। তবে আগের বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে। ২০১৮ সালের অক্টোবরে দেশটি যুক্তরাষ্ট্র থেকে মাত্র ৬৬ হাজার ৯৫৫ টন সয়াবিন আমদানি করেছিল।

এদিকে অক্টোবরে আর্জেন্টিনার বাজার থেকে দেশটি মোট ৯ লাখ ৫৯ হাজার ৯৩৬ টন সয়াবিন আমদানি করেছে। আগের বছরের একই সময়ে আমদানি করেছিল মাত্র ৩৩ হাজার ২০০ টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে আর্জেন্টিনা থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে ৯ লাখ ২৬ হাজার ৭৩৬ টন। তবে সেপ্টেম্বরের তুলনায় দেশটি আর্জেন্টিনা থেকে কৃষিপণ্যটির আমদানি সামান্য কমিয়েছে।

একই সময়ে ব্রাজিল থেকে মোট ৩৮ লাখ টন সয়াবিন ক্রয় করেছে দেশটি, যা আগের মাসের তুলনায় ২০ শতাংশ ও আগের বছরের একই মাসের তুলনায় ৪২ শতাংশ কম।