চলতি ২০২২ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) কমেছে ৩১ শতাংশের বেশি। আজ বৃহস্পতিবার প্রকাশিত ব্যাংকের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৩৮ পয়সা। সে হিসেবে আলোচ্য ব্যাংকটির ইপিএস কমেছে ১২ পয়সা বা ৩১ দশমিক ৫৮ শতাংশ। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৫০ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২৮ টাকা ৩৪ পয়সা।










