বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আগামীকাল ঢাকা, টঙ্গী ও গাজীপুর এলাকার পোশাক কারখানাগুলোয় সাধারণ ছুটি ঘোষণার পরামর্শ দিয়েছে এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএ। সংগঠনের পক্ষ থেকে গতকাল সদস্য কারখানাগুলোয় পাঠানো এক চিঠিতে এ পরামর্শ দেয়া হয়।
চিঠিতে বলা হয়েছে, দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি বাড়বে। এতে তীব্র যানজটের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতির কারণে পোশাক খাতের শ্রমিকদের যাতায়াত এবং কাঁচামাল ও রফতানিযোগ্য পণ্য পরিবহন বিঘ্নিত হতে পারে। পরিস্থিতি বিবেচনায় উত্তরা (পূর্ব-পশ্চিম), উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত, আব্দুল্লাহপুর, তুরাগ, টঙ্গী, পুবাইল, রূপগঞ্জ ও আশুলিয়া এলাকার কারখানাগুলো সেদিন বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। তবে এ ছুটির বিপরীতে আগে বা পরে অতিরিক্ত কাজ (জেনারেল ডিউটি) করে উৎপাদন ঘাটতি পুষিয়ে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
একই সঙ্গে এসব এলাকার সার্বিক অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত কাভার্ড ভ্যানসহ মালামাল পরিবহনে অন্য রুট ব্যবহার করার অনুরোধ জানিয়েছে বিজিএমইএ।









