জাপানের সঙ্গে যৌথ বিনিয়োগে গঠিত নিপ্পন অ্যান্ড ম্যাকডোনান্ড স্টিল ইন্ডাস্ট্রিজের মাধ্যমে উৎপাদন কার্যক্রম শুরু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই-আগস্টে উৎপাদনে যাবে প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক এই মেগা প্রকল্প।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ১০০ একর জমিতে জাপানের নিপ্পন করপোরেশনের সঙ্গে যৌথভাবে ইস্পাত কারখানা গড়েছে বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ। নাম দেয়া হয়েছে ‘নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ’। এরই মধ্যে দুটি কারখানার নির্মাণকাজ শেষ হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাই-আগস্টে কারখানা দুটির উৎপাদনকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজের উপমহাব্যবস্থাপক সাহাব উদ্দিন খান বণিক বার্তাকে বলেন, এরই মধ্যে কারখানা দুটির কাজ শেষ হয়েছে। তবে কভিডের কারণে একটি মেশিন স্থাপনে বিলম্ব হচ্ছে। কারখানা দুটিতে ইস্পাতের প্লেট ও কাঠামো তৈরি করা হবে, যা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রফতানি করা হতে পারে। আশা করা যাচ্ছে, জুলাই-আগস্টে আমরা উৎপাদনে যেতে পারব। তবে চাহিদার ওপর নির্ভর করবে উৎপাদন লক্ষ্যমাত্রা।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে রাস্তা-ঘাট, বিদ্যুৎ ও গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। শিগগিরই কয়েকটি শিল্পপ্রতিষ্ঠান উৎপাদনে যাবে। করোনাকালেও নতুন নতুন বিনিয়োগ এসেছে। আমরা আশা করছি, এখানে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ হবে।