পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচআর টেক্সটাইল লিমিটেডের শেয়ারদর গত তিন মাস ৭৪ শতাংশ বেড়েছে। পাশাপাশি এ সময়ে স্টক এক্সচেঞ্জে কোম্পানিটির শেয়ার লেনদেনের পরিমাণও বেড়েছে। অবশ্য কোম্পানির শেয়ারদর ও লেনদেন বাড়ার পেছনে দৃশ্যমান কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য পর্যালোচনায় দেখা যায়, এ বছরের ১৮ মে এইচআর টেক্সটাইলের শেয়ারদর ছিল ৭৩ টাকা ৩০ পয়সা। সর্বশেষ গতকাল কোম্পানিটির শেয়ারদর বেড়ে দাঁড়িয়েছে ১২৭ টাকা ৫০ পয়সায়। গত তিন মাসের মধ্যে ১৬ জুন একদিনেই কোম্পানিটির ১৭ লাখ ৩০ হাজার ৯৭৬টি শেয়ার লেনদেন হয়েছে।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) এইচআর টেক্সটাইলের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৬ পয়সা। এর আগের হিসাব বছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৭৫ পয়সা।










