ইউক্রেনে হামলার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ধারাবাহিকতায় আগস্টে দেশটি থেকে কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এমন পরিস্থিতিতে ইউরোপের জন্য কয়লা আমদানির বিকল্প ও নির্ভরযোগ্য উৎস হয়ে উঠছে দক্ষিণ আফ্রিকা। খবর রয়টার্স।

চলতি বছরের প্রথম পাঁচ মাসে দক্ষিণ আফ্রিকা থেকে গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশেরও বেশি কয়লা আমদানি করে ইইউ। মে মাসে দক্ষিণ আফ্রিকার রিচার্ডস বে কোল টার্মিনাল (আরবিসিটি) ৩২ লাখ ৪০ হাজার ৭৫২ টন কয়লা ইউরোপের বিভিন্ন দেশে ডেলিভারি করে, যা আরবিসিটির মূল রফতানির ১৫ শতাংশ। এছাড়া গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৪ শতাংশ বেড়েছে। ওই সময় রফতানির পরিমাণ ছিল ২৩ লাখ ২১ হাজার ১৯০ টন।

তথ্য বলছে, আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে রাশিয়ান কয়লার ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ। মস্কোর ওপর ব্যাপক নিষেধাজ্ঞার অংশ হিসেবেই এ নিদ্ধান্ত নেয়া হচ্ছে।

চলতি বছরের এখন পর্যন্ত ইতালি, ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, পোল্যান্ড, জার্মানি ও ইউক্রেন আরবিসিটি থেকে কয়লা সরবরাহ করেছে। কোনো কোনো দেশ আবার ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন হামলার পর থেকেই দক্ষিণ আফ্রিকা থেকে কয়লা আমদানি শুরু করে।

জানুয়ারি ও ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডস আরবিসিটি থেকে কোনো কয়লা পায়নি। তবে মার্চ, এপ্রিল ও মে মাসে আমদানি করা হয় ১২ লাখ ৭০ হাজার টন। প্রতি মাসেই আমদানি বেড়েছে।

ফ্রান্সের আমদানি বেড়েছে সাত গুণ। চলতি বছরের এখন পর্যন্ত দেশটি ৪ লাখ ৬৪ হাজার ৪৩২ টন কয়লা দেশটি থেকে আমদানি করে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৬৮ হাজার ৫ টন।

স্পেন, পোল্যান্ড ও জার্মানি গত বছর আরবিসিটি দিয়ে কোনো কয়লা আমদানি করেনি। কিন্তু চলতি বছরের প্রথম পাঁচ মাসে স্পেন ৩ লাখ ৫৫ হাজার ২৫০, পোল্যান্ড ১ লাখ ৮১ হাজার ৫১৫ ও জার্মানি ১ লাখ ৫৭ হাজার ৩৮৩ টন কয়লা আমদানি করে।