দক্ষিণ কোরিয়ায় আমদানি করা জ্বালানি তেলের অন্যতম জোগানদাতা যুক্তরাষ্ট্র। তবে চলতি বছর মিত্র দেশটির সঙ্গে জ্বালানি বাণিজ্যে লাগাম টেনেছে সিউল। বছরের প্রথম ১১ মাসে (জানুয়ারি-নভেম্বর) যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি পণ্যটির আমদানি প্রায় এক-পঞ্চমাংশ কমিয়ে এনেছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে শুধু নভেম্বরে জ্বালানি পণ্যটির আমদানি কমেছে প্রায় ৫০ শতাংশ। দক্ষিণ কোরীয় রাজস্ব বিভাগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি-নভেম্বর সময়ে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় সব মিলিয়ে ৯ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় এক-পঞ্চমাংশ বা ২০ দশমিক ২ শতাংশ কম।
মাসভিত্তিক হিসাবে গত নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় সব মিলিয়ে ৬১ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় রেকর্ড ৪৯ দশমিক ৩ শতাংশ কম। ২০১৯ সালের একই মাসে যুক্তরাষ্ট্র থেকে দেশটিতে ১ কোটি ২ লাখ ৩ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছিল।
শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং গত অক্টোবরের তুলনায় নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ কোরিয়ায় জ্বালানি পণ্যটির আমদানি ৩৩ শতাংশ কমেছে। অক্টোবরে মার্কিন মুলুক থেকে দেশটিতে ৯১ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছিল। এর মধ্য দিয়ে টানা সাত মাস ধরে দক্ষিণ কোরিয়ায় মার্কিন জ্বালানি তেল আমদানি কমতির দিকে রয়েছে।
তবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি কমালেও করোনাকালে সৌদি আরব থেকে জ্বালানি তেল আমদানি বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। নভেম্বরে সৌদি আরব থেকে দেশটিতে ২ কোটি ৪৪ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ১ শতাংশ বেশি। গত বছরের নভেম্বরে সৌদি আরব থেকে মোট ২ কোটি ৩৯ লাখ ১০ হাজার ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছিল দক্ষিণ কোরিয়া।










