দেউলিয়া হয়ে যাওয়া থেকে সুরক্ষা পাওয়ার আবেদন করেছে অফিস শেয়ারিং কোম্পানি উইওয়ার্ক। খবর সিএনবিসি।

বাস্তব ও ভার্চুয়াল দুভাবেই উইওয়ার্ক অফিস স্পেস সরবরাহ করে। সম্প্রতি নিউজার্সির একটি আদালতে অধ্যায় ১১-এর ভিত্তিতে দেউলিয়া হয়ে যাওয়া থেকে সুরক্ষা পাওয়ার আবেদন করেছে কোম্পানিটি।

অধ্যায় ১১ যুক্তরাষ্ট্রের দেউলিয়াত্ব কোডের একটি বিধান। যার অধীনে ব্যবসাপ্রতিষ্ঠানগুলো এর ঋণ ও বাধ্যবাধকতার বিষয়গুলো নতুন করে পর্যালোচনা করার সুযোগ পায়। এটি সাধারণত দেউলিয়া হওয়ার পথে থাকা কোম্পানির জন্য পুনর্গঠনমূলক উদ্যোগ। অধ্যায় ১১-এর অধীনে একটি কোম্পানি অর্থনৈতিক বিষয় পুনর্গঠনের পাশাপাশি স্বাভাবিক কার্যক্রমও পরিচালনা করতে পারে।

কোম্পানির শেয়ারহোল্ডারদের সঙ্গে চুক্তিতে প্রবেশ করায় বর্তমানে উইওয়ার্ক অকার্যকর বা অচল বিষয়গুলো বাদ দিতে চাইছে। কোম্পানি প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় থাকা উইওয়ার্কের অফিসের জন্যই শুধু এ আবেদন করা হয়েছে। আবেদনের তথ্যানুযায়ী, কোম্পানিটি ১-৫ হাজার কোটি ডলার ঋণের মধ্যে রয়েছে।

উইওয়ার্কের প্রধান নির্বাহী (সিইও) ডেভিড টোলে বলেন, ‘স্টেকহোল্ডারদের সমর্থনের জন্য আমি গভীরভাবে কৃতজ্ঞ। কোম্পানির মূলধন কাঠামোকে শক্তিশালী ও পুনর্গঠন করার জন্য আমরা একত্রে কাজ করছি। আমাদের কমিউনিটিতে সহায়তা করার জন্য পণ্য, পরিষেবা ও বিশ্বমানের কর্মীদের ওপর বিনিয়োগ অব্যাহত রাখার বিষয়ে আমরা অঙ্গীকারবদ্ধ।’

যুক্তরাষ্ট্রের ইতিহাসে গত কয়েক বছরের মধ্যে উইওয়ার্ক করপোরেট খাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১৯ সালে সফটব্যাংকের অধীনে পরিচালিত হওয়ার সময় কোম্পানিটির বাজারমূল্য ছিল ৪ হাজার ৭০০ কোটি ডলার।