পুঁজিবাজারের ক্রমাগত দরপতনের রাশ টানতে গত রোববার থেকেই শেয়ার দরের সর্বনিম্নসীমা বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ফ্লোর আরোপের পর থেকেই সূচকে ঊর্ধ্বমুখিতা পরিলক্ষিত হচ্ছে। অবশ্য সপ্তাহের শেষ কার্যদিবসে গতকাল দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতা দেখা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে সূচক। অবশ্য ৫ মিনিট পরই আবার সূচক ঘুরে দাঁড়ায়। এর ১০ মিনিট পরই আবারো সূচকে পতন ঘটে। এভাবে গতকাল লেনদেন চলাকালীন বেশ কয়েক দফা সূচকে উত্থান-পতন পরিলক্ষিত হয়। লেনদেনের শেষ ঘণ্টার ক্রয় চাপে শেষ পর্যন্ত গতকাল দিন শেষে আগের দিনের তুলনায় ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১২ পয়েন্টে দাঁড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স। এর আগের কার্যদিবস শেষে যা ছিল ৬ হাজার ৩০০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইর ব্লু-চিপ সূচক ডিএস-৩০ গতকাল ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের দিন শেষে যা ছিল ২ হাজার ২৫৯ পয়েন্টে। শরিয়াহ সূচক ডিএসইএস গতকাল দিন শেষে ৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭৫ পয়েন্টে অবস্থান করছে, আগের কার্যদিবসে যা ছিল ১ হাজার ৩৭০ পয়েন্টে। গতকাল সূচকের উত্থানে সবচেয়ে বেশি ভূমিকা ছিল স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মাসিউটিক্যালস, একমি ল্যাবরেটরিজ ও বেক্সিমকো লিমিটেডের শেয়ারের।

বাজার বিশ্লেষকরা বলছেন, কয়েক দিনের টানা উত্থানের কারণে গতকাল পুঁজিবাজারে কিছু বিনিয়োগকারী শেয়ার বিক্রি করে মুনাফা তুলে নিয়েছেন। অন্যদিকে পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগসীমা ক্রয়মূল্যে হিসাব করাসংক্রান্ত কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলারের প্রভাবে একশ্রেণীর বিনিয়োগকারী নতুন করে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন। এতে গতকাল পুঁজিবাজারে শেয়ার কেনার চাপও ছিল লক্ষণীয়।

ডিএসইতে গতকাল ১ হাজার ১৯০ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। যেখানে এর আগের কার্যদিবসে লেনদেন ছিল ১ হাজার ১৯৫ কোটি টাকা। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ৩৮১টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দিন শেষে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৯৯টির আর অপরিবর্তিত ছিল ৫৩টি সিকিউরিটিজের বাজারদর।

খাতভিত্তিক লেনদেন চিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ২৭ দশমিক ৪ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে বস্ত্র খাত। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ দশমিক ২ শতাংশ দখলে নিয়েছে ওষুধ ও রসায়ন খাত।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৩৬ পয়েন্ট বেড়ে ১১ হাজার ১১০ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে যা ছিল ১১ হাজার ৭৪ পয়েন্ট। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই গতকাল ৫৮ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৫৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগের কার্যদিবসে সূচকের অবস্থান ছিল ১৮ হাজার ৪৮৩ পয়েন্টে। এ দিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২২টির আর অপরিবর্তিত ছিল ৫৭টির বাজারদর। গতকাল সিএসইতে ২১ কোটি ৩০ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ২১ কোটি ৫০ লাখ টাকা।