বিশ্বের তৃতীয় শীর্ষ ইস্পাত উৎপাদনকারী
দেশ জাপান। তবে অক্টোবরে দেশটিতে শিল্প পণ্যটির উৎপাদন কমেছে আগের বছরের একই মাসের
তুলনায় প্রায় ৫ শতাংশ। এ নিয়ে টানা চার মাস জাপানের ইস্পাত খাতে মন্দা ভাব বজায়
রয়েছে। খবর রয়টার্স।
অক্টোবরে দেশটি সব মিলিয়ে ৮১ লাখ ৬০
হাজার টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে,
যা আগের বছরের একই মাসের তুলনায় ৪ দশমিক ৯ শতাংশ
কম। তবে চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় দেড় শতাংশ বেশি।
জাপানের আয়রন অ্যান্ড স্টিল ফেডারেশন
জানিয়েছে, সেপ্টেম্বরের ঘূর্ণিঝড় ও আগ্নিকাণ্ডের ঘটনায় দেশটির কয়েকটি ইস্পাত
তৈরির কারখানা বন্ধ হয়ে যায়। এতে চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই
থেকে সেপ্টেম্বর) দেশটির ইস্পাত উৎপাদন কমে ১০ বছরের সর্বনিম্নে নেমে যায়।
দেশটির বৃহত্তম স্টিল প্রস্তুতকারক
প্রতিষ্ঠান নিপ্পন স্টিল করপোরেশন গত মাসে জানায়, কোম্পানিটির কিমিতসু স্টিল ওয়ার্কসের
দুটি ইস্পাত তৈরি প্লান্টের একটি চিমনি মেরামতের জন্য ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে, যা
সেপ্টেম্বরের ঝড়ের আঘাতে ধসে পড়ে।
এছাড়া নিপ্পন স্টিলের অধীনে পরিচালিত
ও হিরোশিমায় অবস্থিত আরেকটি ইস্পাত তৈরির প্লান্ট কুড়ি ওয়ার্কসের কার্যক্রমও এ
মুহূর্তে বন্ধ রয়েছে। আগস্টের শেষ দিকে অপারেটিং রুমে অগ্নিকাণ্ডের জেরে
প্লান্টটির কার্যক্রম স্থগিত করা হয়।
মার্কিন-চীন
বাণিজ্যযুদ্ধের জেরে বৈশ্বিক অর্থনীতি শ্লথ হয়ে পড়া ও বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদনকারী
দেশ চীন অবকাঠামো উন্নয়ন ও অর্থনীতিকে চাঙ্গা রাখতে ধাতুটির উৎপাদন বাড়িয়েছে। এতে
আকরিক লোহাসহ ইস্পাত তৈরির অন্যান্য কাঁচামালের দাম বেড়ে জাপানের ইস্পাত শিল্পে
বাড়তি চাপ তৈরি করেছে।









