বিদায়ী বছর চীনে ধাতব পণ্য আমদানিতে উল্লম্ফন দেখা দিয়েছে। জ্বালানি সংকট ও কার্বন নিঃসরণ কমিয়ে আনার লক্ষ্য বাস্তবায়নসহ নানা কারণে দেশটি ধাতব পণ্যের উৎপাদন কমিয়েছে। কিন্তু এ সময় দেশটির অর্থনীতিতে দ্রুত প্রসার ঘটায় ধাতব পণ্যের চাহিদা আকাশচুম্বী হয়ে ওঠে। চাহিদা মেটাতে বিপুল পরিমাণ ধাতব পণ্য আমদানি করে চীন। খবর রয়টার্স।

তথ্য বলছে, ২০২১ সালে চীন রেকর্ড পরিমাণ প্রাইমারি ও অ্যালয় অ্যালুমিনিয়াম আমদানি করে। এ নিয়ে টানা দুই বছরের মতো পণ্যটির আমদানি বেড়েছে। এক বছরের ব্যবধানে পরিশোধিত নিকেল আমদানি দ্বিগুণ হয়েছে। চলতি মাসেও বাড়তি আমদানির পরিকল্পনা রয়েছে দেশটির। এদিকে পরিশোধিত তামা আমদানি রেকর্ড পর্যায় থেকে নেমে এলেও তা ঊর্ধ্বমুখীই ছিল।

গত বছর চীন ১৫ লাখ ৭০ হাজার টন প্রাইমারি অ্যালুমিনিয়াম আমদানি করে। অ্যালয় আমদানি করা হয় ১০ লাখ টন। এক বছরের ব্যবধানে আমদানি বেড়েছে ২৪ শতাংশ। ২০২০ সালে দেশটি রেকর্ড পরিমাণ পরিশোধিত তামা আমদানি করে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ লাখ টনে। এদিকে গত বছর চীন ২ লাখ ৬১ হাজার টন পরিশোধিত নিকেল আমদানি করেছে।