ইন্দোনেশিয়ায় বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) ব্যাটারির কাঁচামাল তৈরিতে একটি কারখানায় বিনিয়োগ করেছে ফোর্ড। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের এ গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান। খবর রয়টার্স।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে প্রথম বিনিয়োগ হতে যাচ্ছে ফোর্ডের। ইন্দোনেশিয়ার পিটি ভেইল ও চীনের ঝেজিয়াং হুয়াইয়ু কোবাল্টের সঙ্গে একত্রে এ কারখানায় বিনিয়োগ করছে ফোর্ড। তিনটি প্রতিষ্ঠানের সম্মিলিত বিনিয়োগের পরিমাণ ৪৫০ কোটি ডলার। মোট বিনিয়োগের ৩০ শতাংশ বহন করবে পিটি ভেইল। অবশিষ্ট ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করবে ফোর্ড ও হুয়াইয়ু। তবে এককভাবে ফোর্ডের বিনিয়োগের পরিমাণ এখনো জানা যায়নি। 

ফোর্ডের এ উদ্যোগের ফলে ইভির ব্যাটারির কাঁচামাল নির্মাণে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ব্যাপক আগ্রহ টের পাওয়া যায়। বর্তমানে ইভির ব্যাটারির দাম গাড়ির মোট দামের প্রায় ৪০ শতাংশ। তাই খরচ কমানো ও টেসলার সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এমন উদ্যোগে আগ্রহী হচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। 

বিশ্বে নিকেলের সবচেয়ে বড় মজুদ ইন্দোনেশিয়ায়। এ সম্পদকে কাজে লাগিয়ে ব্যাটারি ও ইভি নির্মাণের চেষ্টা চালাচ্ছে দেশটি। প্রস্তাবিত হাই-প্রেসার অ্যাসিড লিচিং (এইচপিএল) কারখানাটি তাদের চলমান প্রচেষ্টারই একটি ফসল। দক্ষিণ-পূর্ব সুলাওয়েসির পোমালা শহরে এ কারখানা স্থাপিত হবে। সেখানে পিটি ভেইল একটি নিকেলের খনি পরিচালনা করে। ভেইল ও হুয়াইয়ু গত নভেম্বরে এ কারখানা নির্মাণের কাজ শুরু করেছিল। ২০২৬ সালে কারখানাটির বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে বলে আশা করা যাচ্ছে। এ উদ্যোগের সঙ্গে ফোর্ডের সংযুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভেইলের প্রধান নির্বাহী ফেব্রিয়ানি এডি। তিনি এ চুক্তিকে ‘অনন্য’ বলে অভিহিত করেছেন।