সিটি ব্যাংক পিএলসির প্রয়াত উদ্যোক্তা দীন মোহাম্মদের ১৭ লাখ ৫৮ হাজার ১৪টি শেয়ার তার মেয়ে মেহেরুন হকের অনুকূলে হস্তান্তর সম্পন্ন হয়েছে। গত ১৯ নভেম্বর এ শেয়ার হস্তান্তরের জন্য মেহেরুন হকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যানুসারে, সিটি ব্যাংকের প্রয়াত উদ্যোক্তা দীন মোহাম্মদের অনুকূলে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে স্টক লভ্যাংশ বাবদ ব্যাংকটির ৮০ লাখ ৩৬ হাজার ৬৩৮টি বোনাস শেয়ার ইস্যু করা হয়েছিল। এ শেয়ার তার চার উত্তরাধিকারী রোখসানা বেগম, মোহাম্মদ শোয়েব, ইভানা ফাহমিদা মোহাম্মদ ও মেহেরুন হকের কাছে হস্তান্তর করা হয়েছে।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংকের অনুমোদিত মূলধন ২ হাজার কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯৬১ কোটি ১৫ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯। এর ৩০ দশমিক ৩৭ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৯ দশমিক ৬৩, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪৩ দশমিক ৯৬ শতাংশ শেয়ার রয়েছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) সিটি ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২ টাকা ৯৬ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮ টাকা ৯ পয়সায়।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে ব্যাংকটি। এর মধ্যে সাড়ে ১২ শতাংশ নগদ ও সাড়ে ১২ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে সিটি ব্যাংকের ইপিএস হয়েছে ৭ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৭৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৩৯ পয়সায়।










