পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিড লিমিটেডের পরিচালনা পর্ষদ অতালিকাভুক্ত স্টার ফিড মিলস লিমিটেডের সঙ্গে একটি চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে আগামী এক বছর কোম্পানিটির কাছে ফিড বিক্রি করবে আমান ফিড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আজ এ তথ্য জানিয়েছে তালিকাভুক্ত কোম্পানিটি।
তথ্য মতে, ফিড উত্পাদনের জন্য ব্যবহৃত সব ধরনের কাঁচামালের সরবারহ এবং প্রতিমাসে ৬ হাজার টন ফিনিশড ব্রয়লায় অ্যান্ড লেয়ার ফিড উৎপাদন করবে আমান ফিড। পরে তা স্টার ফিড মিলসের সারাদেশের সব নেটওয়ার্কসের কাছে বিক্রি করা হবে। স্টার ফিড মিলসের কাছে এ ফিড বিক্রির মাধ্যমে চুক্তিকালীন সময়ে আমান ফিডের ফিড বিক্রি ৭২ হাজার টনে উন্নীত হবে। এ সময়ে কোম্পানিটির মোট বিক্রি হবে ৩৪৫ কোটি টাকা। আর চুক্তির কারণে কোম্পানিটির আয় বাড়বে ১০ কোটি টাকা।
সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরের নয় মাসে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ২১ পয়সা। তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬১ পয়সা। ৩১ মার্চ ২০২১ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৯১ পয়সায়।
আমান ফিডের পরিচালনা পর্ষদ ২০২০ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ১২ দশমিক ৫ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ২ দশমিক ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৭১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৫ পয়সা। ৩০ জুন প্রতিষ্ঠানটির এনএভিপিএস দাঁড়ায় ৩৪ টাকা ৮০ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩২ টাকা ৫৪ পয়সা।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল আমান ফিড। তার আগের তিন হিসাব বছরে ২০ শতাংশ নগদের পাশাপাশি ১০ শতাংশ স্টক লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা।
২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আমান ফিডের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১৩০ কোটি ৯৭ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৩৯ কোটি ১৮ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৩ কোটি ৯ লাখ ৭০ হাজার ৪০০। এর ৬৩ দশমিক ২৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা-পরিচালকদের হাতে। এছাড়া ১০ দশমিক ২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, দশমিক শূন্য ৫ শতাংশ বিদেশী ও বাকি ২৬ দশমিক ৪১ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে আজ আমান ফিডের শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪২ টাকা ৬০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩০ টাকা থেকে ৭৯ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।










