বিশ্বের বৃহত্তম গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা মোটর করপোরেশনের বিক্রি অর্থবছরের প্রথম ছয় মাসে (এপ্রিল-সেপ্টেম্বর) ৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে। চাহিদা বৃদ্ধি এবং সরবরাহ সংকট কমে আসার কারণে বিক্রি দাঁড়িয়েছে ৫৫ লাখ ৯৬ হাজার ১৮৩ ইউনিটে। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
অর্থবছরের প্রথমার্ধে টয়োটার উৎপাদন ১০ শতাংশ বেড়ে ৫৭ লাখ ৩৮ হাজার ১২৬ ইউনিটে দাঁড়িয়েছে। আফ্রিকা অঞ্চলে টয়োটা ও লেক্সাস ব্র্যান্ডের বিক্রি বেড়েছে ২২ শতাংশ। ১৭ শতাংশ বেড়েছে মধ্যপ্রাচ্যে। উত্তর আমেরিকা ও ইউরোপে বেড়েছে যথাক্রমে ৯ দশমিক ৪ এবং ৭ শতাংশ।
তবে অন্য অঞ্চলের তুলনায় এশিয়ায় বিক্রি কম হয়েছে। এ কমে যাওয়ায় ভূমিকা রেখেছে থাইল্যান্ড ও ইন্দোনেশিয়ার অর্থনৈতিক শ্লথতা।
এদিকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীনে টয়োটার বিক্রি কমেছে ১ শতাংশেরও কম।
জাপানের বাজারে প্রতিষ্ঠানটির বিক্রি ৩৪ শতাংশ বেড়েছে। তার প্রধান কারণ ছিল সরবরাহ জনিত সংকট এবং সেমিকন্ডাক্টরের ঘাটতি কমে আসা। অভ্যন্তরীণ বাজারে অর্থবছরের প্রথম ছয় মাসে বিক্রি বেড়েছে ৩৮ শতাংশ। কেবল সেপ্টেম্বরে টয়োটার বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ১০ দশমিক ৫ শতাংশ।
গত সপ্তাহে জাপান মোবিলিটি শোতে লেক্সাসের প্রেসিডেন্ট তাকাশি ওয়াতানাবে জাপানের চার্জিং নেটওয়ার্কের পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ‘চার্জিং ব্যবস্থা এখানে খুব সীমিত। কিন্তু আমরা বিনিয়োগ করে যাচ্ছি এবং এ বিষয়ে প্রকল্প হাতে নিয়েছি।’










