করোনা মহামারীর মধ্যে বিশ্বজুড়ে চাহিদা কমে যাওয়া ও রেকর্ড দরপতনের জের ধরে রাশিয়ার জ্বালানি তেল রফতানি আয়ে মন্দা ভাব দেখা দিয়েছে। বিদায়ী বছরের প্রথম ১০ মাসে (জানুয়ারি-অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে রাশিয়ার আয় আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে সাড়ে ৪০ শতাংশের বেশি। এর মধ্যে শুধু অক্টোবরে রুশ জ্বালানি তেলের রফতানি আয় কমেছে ২৫ শতাংশের বেশি। রাশিয়ার ফেডারেল কাস্টমস সার্ভিসের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া ও অয়েলপ্রাইসডটকম।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি-অক্টোবর সময়ে রাশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি কমেছে ১০ শতাংশ। এর মধ্য দিয়ে বছরের প্রথম ১০ মাসে জ্বালানি পণ্যটি রফতানি করে সংশ্লিষ্টরা সব মিলিয়ে ৬ হাজার ৩২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করেছেন। এক বছরের ব্যবধানে জ্বালানি পণ্যটির রফতানি বাবদ রাশিয়ার আয় ৪০ দশমিক ৬ শতাংশ কমেছে।

এদিকে রাশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, মাসভিত্তিক হিসাবে সর্বশেষ অক্টোবরে রুশ জ্বালানি তেল রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় ৫১ দশমিক ৯ শতাংশ কমে গেছে। এ সময় সব মিলিয়ে ৫১৩ কোটি ডলারের অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করেছে রাশিয়া, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৫ দশমিক ৩ শতাংশ কম। শুধু আগের বছরের একই সময়ের তুলনায় নয়, বরং চলতি বছরের সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে অপরিশোধিত জ্বালানি তেল রফতানি করে রাশিয়ার আয় দশমিক ৯ শতাংশ কমেছে।

বিদায়ী বছরের মার্চে রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার মূল্যযুদ্ধের জের ধরে ইতিহাসে প্রথমবারের মতো প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম শূন্য ডলারের নিচে নেমে যায়। করোনা মহামারীর মধ্যে এ পরিস্থিতি রাশিয়ার রফতানি আয়ে নেতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি মহামারীকালে বছরজুড়ে দাম তুলনামূলক কম থাকায় ২০১৯ সালে রাশিয়ার জ্বালানি তেল রফতানি আয়ে রীতিমতো ধস নেমেছে বলে জানান খাতসংশ্লিষ্টরা।