সৌদি আরবের শিল্পোৎপাদন সূচক (আইপিআই) বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের আগস্টে গত বছরের একই সময়ের তুলনায় দেশটির আইপিআই ১৬ দশমিক ৮ শতাংশ বেড়েছে। সম্প্রতি সৌদি আরবের সরকারি সংস্থা জেনারেল অথরিটি ফর স্ট্যাটিসটিক্স (গ্যাসট্যাট) এ তথ্য জানিয়েছে। খবর আরব নিউজ।
গ্যাসট্যাট অনুসারে, প্রাথমিকভাবে তিনটি সাব সেক্টরের অধিক উৎপাদনের কারণে আইপিআই বৃদ্ধি পেয়েছে। খনি ও খনন খাত, উৎপাদন এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতের উচ্চ উৎপাদনের কারণে দেশটির শিল্পোৎপাদন সূচক বেড়েছে।
২০২১ সালের মে মাস থেকে সৌদি আরবের আইপিআই ইতিবাচক হতে শুরু করে এবং তখন থেকেই এটি ক্রমবর্ধমান রয়েছে।
গ্যাসট্যাট অনুসারে, আইপিআই হলো দেশটির অর্থনীতি পরিমাপের একটি অন্যতম সূচক। এটি শিল্পোৎপাদনের ওপর ভিত্তি করে পরিবর্তন হয়ে থাকে। আগের বছরের আগস্টের তুলনায় এ বছরের একই সময়ে খনি ও খনন খাত ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। আগস্টে দেশটির জ্বালানি উৎপাদন সর্বোচ্চে পৌঁছেছে। এ মাসে প্রতিদিন ১ কোটি ১০ লাখ ব্যারেল জ্বালানি উৎপাদন হয়েছে। গত জুলাইয়ের তুলনায় আগস্টেও এ খাতের আইপিআই ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দেশটির উৎপাদন খাতও গত বছরের আগস্টের তুলনায় চলতি বছরের একই সময়ে ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এদিকে গত জুলাইয়ের তুলনায় আগস্টে এ খাত ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাত গত বছরের আগস্টের তুলনায় ১১ দশমিক ৩ শতাংশ বেড়েছে এবং জুলাইয়ের তুলনায় আগস্টে ১০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
গ্যাসট্যাট অনুসারে, বর্তমানে সৌদি আরবের আইপিআই ইতিবাচক রয়েছে। তবে গত চার মাসে দেশটির উৎপাদন বৃদ্ধি ধীর হয়েছে। এর আগে গত এপ্রিলে সৌদি আরবের সর্বোচ্চ উৎপাদন ২৬ দশমিক ৭ পয়েন্টে রেকর্ড করেছিল। ২০২২ সালের জানুয়ারির পর দেশটির আইপিআই বৃদ্ধি ধীর হলেও আগস্টে উল্লেখযোগ্যহারে বেড়েছে।
গ্যাসট্যাট জানায়, আগস্টে সৌদি আরবের আইপিআই ছিল ১৩৯ দশমিক ১ পয়েন্টে, যা ২০১৮ সালের জুনের পর সর্বোচ্চ। ওই বছরের জুনে আইপিআই ১৪১ দশমিক ১ পয়েন্টে উন্নীত হয়েছিল। ২০১৮ সালের নভেম্বরের পর খনি ও খনন খাতের আইপিআইও সর্বোচ্চ হয়েছে, যা আগস্টে বৃদ্ধি পেয়ে ১৩৫ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। একই সময়ে উৎপাদন খাতে ১৪৭ দশমিক ৮ এবং বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ খাতে ১৫৫ দশমিক ৮ পয়েন্টে পৌঁছেছে।










