ক্যান্সার থেরাপির উন্নয়নে জাপানি ফার্মাসিউটিক্যালস কোম্পানি দাইচির সঙ্গে ৫৫০ কোটি ডলারের চুক্তি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক মার্ক। তিনটি ওষুধ তৈরিতে দাইচি সানকিওকে এ অর্থ দেবে মার্কিন প্রতিষ্ঠানটি। থেরাপির সাফল্যের ওপর ভিত্তি করে বিনিয়োগের পরিমাণ ২ হাজার ২০০ ডলার পর্যন্ত উঠতে পারে। খবর রয়টার্স।
চুক্তির সংবাদ প্রকাশিত হওয়ার পর টোকিওর শেয়ার মার্কেটে দাইচি সানকিওর শেয়ার মূল্য বেড়েছে ১৪ দশমিক ৪ শতাংশ। এক বছরেরও বেশি সময়ের মধ্যে এটিই কোম্পানিটির সর্বোচ্চ দর বৃদ্ধির খবর। জাপানি কোম্পানিটি তিন বছরের মধ্যে অনকোলজি ব্যবসা থেকে প্রায় পাঁচ গুণ অর্থ আয় করতে চায়। ২০২৬ সালের ৩১ মার্চের মধ্যে কমপক্ষে ৯০ হাজার কোটি ইয়েন বা ৬০০ কোটি ডলার উপার্জন লক্ষ্যমাত্রা নিয়েছে দাইচি।
স্মার্টকর্মা প্লাটফর্মে প্রকাশিত এক নিবন্ধে স্বাস্থ্যসেবা বিশ্লেষক টিনা ব্যানার্জি বলেন, ‘চুক্তিটি দাইচির জন্য ইতিবাচক ও খুবই প্রয়োজনীয়। এটি অনকোলজির ওষুধ উৎপাদন নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে।’
মার্কিন ওষুধ কোম্পানি মার্ক ক্যান্সারের চিকিৎসার জন্য তিনটি ওষুধ নিয়ে কাজ করছে। যেগুলো অ্যান্টিবডি ড্রাগ কনজুগেটস (এডিসি) নামে পরিচিত। ওষুধগুলো বর্তমানে ক্যান্সার টিউমারের চিকিৎসার জন্য ক্লিনিক্যাল ট্রায়ালের বিভিন্ন পর্যায়ে রয়েছে।
এডিসি এমনভাবে তৈরি করা হচ্ছে, যাতে পার্শ্ববর্তী ভালো সেলকে অক্ষত রেখে এটির প্রয়োগে শুধু ক্যান্সারে ক্ষতিগ্রস্ত নির্দিষ্ট সেলটিই ধ্বংস হয়।










