রেডিমিক্স কংক্রিটের জন্য বিশেষায়িত সিমেন্ট ব্র্যান্ড ‘পাওয়ারক্রিট’ নিয়ে এসেছে লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে ‘ডিউরেবল হাই পারফরম্যান্স কংক্রিট ফর সাসটেইনেবল ইনফ্রাস্ট্রাকচার’ শীর্ষক একটি টেকনিক্যাল সেমিনারের আয়োজন করা হয়। এতে নির্মাণ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পেশার দেড় শতাধিক ব্যক্তি অংশ নেন। সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল বিশেষায়িত সিমেন্ট ব্র্যান্ড ‘পাওয়ারক্রিট’-এর উদ্বোধন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন লাফার্জহোলসিম বাংলাদেশের কমার্শিয়াল অ্যান্ড লজিস্টিকস পরিচালক মোহাম্মদ মাহফুজুল হক। তিনি উদ্ভাবন ও পণ্যের গুণগতমান রক্ষায় কোম্পানির প্রতিশ্রুতি তুলে ধরেন।
সেমিনারে মূল প্রবন্ধে অবকাঠামো নির্মাণে গুণগত ও মানসম্পন্ন কংক্রিটের অপরিহার্যতা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর। এছাড়া ‘পাওয়ারক্রিট’ সিমেন্টের টেকনিক্যাল সুবিধা ও কোম্পানির বিভিন্ন ধরনের বিশেষায়িত সেবা সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব ইনোভেশন অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দীন মো. খান।
এরপর বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ইন্টার স্পেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল হোসেন এবং ফাল্গুনী মল্লিক অ্যান্ড অ্যাসোসিয়েটসের প্রতিষ্ঠাতা স্থপতি ফাল্গুনী মল্লিক।
সবশেষে সেমিনারে অংশগ্রহণকারী সব পেশাদারকে ধন্যবাদ জানিয়ে লাফার্জহোলসিম বাংলাদেশের হেড অব বিটুবি সৈয়দ গোলাম কাওসার জিলানী বলেন, আধুনিক ও টেকসই নির্মাণে ‘পাওয়ারক্রিট’ সামনের দিনগুলোয় নতুন মানদণ্ড তৈরি করবে।










