অস্ট্রেলিয়ার খনি সংস্থা ফোর্টেসকিউ মেটালস গ্রুপ যুক্তরাষ্ট্রে একটি নতুন কারখানা নির্মাণের কথা ঘোষণা করেছে। কারখানাটিতে হাইড্রোজেন জেনারেটর, বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি ও দ্রুত চার্জারের মতো পরিবেশবান্ধব পণ্য তৈরি করা হবে। খবর নিক্কেই এশিয়া।

ফোর্টেসকিউ প্লান্ট প্রাথমিক পর্যায়ে ৩ কোটি ৫০ লাখ ডলার ব্যয় করবে। এটি যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে নির্মাণ করা হবে। এ প্লান্টের মাধ্যমে ৬০০টি নতুন কর্মসংস্থান তৈরি হবে। তবে কবে কারখানাটি চালু হবে, তা এখনো জানায়নি প্রতিষ্ঠানটি।

ফোর্টেসকিউ আকরিক খনি ছাড়াও নতুন অঞ্চলে তাদের ব্যবসা সম্প্রসারণ করছে। প্রতিষ্ঠানটি আকরিক উপার্জনের ওপর নির্ভরতা কমাতে চায়। ২০২২ সালে পাস হওয়া মার্কিন মূল্যস্ফীতি হ্রাসের আইন যুক্তরাষ্ট্রে হাইড্রোজেন ও ইভি উৎপাদন প্লান্ট নির্মাণের জন্য ভর্তুকি দিচ্ছে। আইনটি ইভি কেনার জন্য ট্যাক্সে ছাড় দেবে।

ফোর্টেসকিউ জানায়, দক্ষ কর্মী ও বিদ্যমান সাপ্লাই চেইনের কারণে যুক্তরাষ্ট্র উৎপাদনের জন্য আকর্ষণীয় স্থান। চলতি বছরের শুরুর দিকে ফোর্টেসকিউ ঘোষণা দেয়, তারা যুক্তরাষ্ট্রে তরল হাইড্রোজেন উৎপাদনের জন্য একটি কোম্পানি অধিগ্রহণ করছে। ২ কোটি ৪০ লাখ ডলারের এ প্রকল্পের লক্ষ্য বছরে ১২ হাজার টন তরল হাইড্রোজেন তৈরি করা। নতুন মিশিগান প্লান্ট ও মার্কিন হাইড্রোজেন প্রকল্পটি ফোর্টেসকিউয়ের পরিবেশবান্ধব পরিকল্পনার অংশ।