সম্প্রতি স্পেনে ৪৭০ কোটি ইউরো (৪৯০ কোটি ডলার) বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে কাতার। দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেন, জ্বালানিসমৃদ্ধ গালফ রাষ্ট্রটি স্পেনে বিনিয়োগ বাড়াবে। খবর এপি।

স্পেনে বিনিয়োগের বিষয়ে এখন পর্যন্ত কোনো বিস্তারিত জানানো হয়নি। স্পেনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ও দেশটিকে পরিবেশবান্ধব অর্থনীতিতে পরিণত করতে এ বিনিয়োগ অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ইউক্রেনে রুশ আক্রমণের জের ধরে রাশিয়া থেকে জ্বালানি আমদানিনির্ভরতা কমানোর পরিকল্পনা করছে ইউরোপ। এরই পরিপ্রেক্ষিতে রাশিয়ার বিকল্প ভাবছে মহাদেশটি। আবার তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ রয়েছে কাতারে। তাই ইউরোপের ঝোঁক বেড়েছে কাতারের ওপর।

সম্প্রতি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ও স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাজধানী মাদ্রিদে দেখা করেন। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে ১২টি চুক্তি স্বাক্ষর করা হয়। অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, সামরিক সহযোগিতা, স্বাস্থ্য ও বিজ্ঞানসহ বেশ কয়েকটি বিষয় ছিল চুক্তির আওতাভুক্ত।

এক বিবৃতিতে স্পেনের সরকার জানায়, ইউক্রেন সংকটের ফলে বৈশ্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কাতারের সঙ্গে নতুন দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্পেনের জন্য। বিনিয়োগ ছাড়াও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেও এ চুক্তি গুরুত্বপূর্ণ।

স্পেনের বন্দরে মোট ছয়টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াকরণ কারখানা রয়েছে, যা ইউরোপে সর্বোচ্চসংখ্যক। ইউরোপের জ্বালানি কেন্দ্রে পরিণত হওয়ার লক্ষ্য রয়েছে দেশটির। ইতালির পর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব থেকে বেশি সহযোগিতা বরাদ্দ পায় স্পেন। ২০২১-২৩ সালের মধ্যে ইইউর তরফ থেকে ৭ হাজার কোটি ইউরো পাবে স্পেন। এছাড়া ২০২৩-২৬ সালের মধ্যে স্পেনকে আরো ৭ হাজার কোটি ইউরো ঋণ দেবে ইইউ। পাশাপাশি মহামারীকালীন ইইউর সহযোগিতা তহবিল থেকে কয়েকটি প্রধান বিনিয়োগ প্রকল্পও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে স্পেনের। মূলত টেকসই উন্নয়ন ও প্রযুক্তিগতভাবে দেশকে আধুনিকায়ন করার মাধ্যমে বেসরকারি খাতগুলোর বিনিয়োগে উৎসাহী করে তোলাই এ প্রকল্পগুলোর উদ্দেশ্য। এর মধ্যে রয়েছে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) উন্নয়ন ও সবুজ জ্বালানির উৎস হিসেবে হাইড্রোজেনের ব্যবহার করা।

স্পেন সরকার জানিয়েছে, কাতারের বিনিয়োগ স্পেনের পরিবেশবান্ধব ও ডিজিটাল অর্থনীতি গড়ে তোলায় মুখ্য ভূমিকা রাখবে। রাশিয়া-ইউক্রেন সংকটের কারণে স্পেনে মূল্যস্ফীতির হার লাফিয়ে লাফিয়ে বেড়েছে। আগে থেকেই মহামারীর কারণে মূল্যস্ফীতির হার বেশি ছিল দেশটিতে। এ সত্ত্বেও চলতি বছর দেশের অর্থনীতি ৪ শতাংশ বাড়বে বলে আশা করছে স্পেন।