পটেটো চিপস তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করতে যাচ্ছে জাপানের শীর্ষস্থানীয় চিপস প্রস্তুতকারী কোম্পানি ক্যালবি। এর জন্য সিলিকন ভ্যালির একটি যৌথ মূলধনি কোম্পানি পেগাসাস ভেঞ্চারের সঙ্গে কাজ করছে কোম্পানিটি।
যুক্তরাজ্যে খাদ্যপ্রযুক্তি নিয়ে কাজ করা কোম্পানিগুলোকে সহায়তা করাই এ উদ্যোগের প্রাথমিক লক্ষ্য। এর মাধ্যমে আরো বেশি স্বাস্থ্যসম্মত স্ন্যাকস (হালকা খাবার) তৈরি, উন্নত উৎপাদন ব্যবস্থা এবং ব্যবসায়িক মডেল উদ্ভাবন করা হবে।
ক্যালবির এক মুখপাত্র জানান, এআই শুধু ক্যালবির ব্যবসা নয়, বরং পুরো খাদ্য শিল্পে বিপ্লব আনতে পারবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এরই মধ্যে উৎপাদন, বিপণন এবং লেনদেনের ক্ষেত্রে এআই ব্যবহার করেছি। পেগাসাস বা অন্য কোম্পানিগুলোর সঙ্গে কাজ করার মাধ্যমে এক্ষেত্রে আরো ব্যবসায়িক উদ্ভাবনের সুযোগ রয়েছে। তবে পেগাসাসের অংশীদারত্বের মাধ্যমে কতগুলো স্টার্টআপে বা কী পরিমাণ বিনিয়োগ করা হবে তা জানা যায়নি।
পেগাসাস টেক ভেঞ্চারসের প্রতিষ্ঠাতা এবং সিইও আনিস উজ্জামান বলেন, ‘এআইকে ব্যবহার করে কীভাবে পটেটো চিপস উৎপাদন বাড়ানো এবং চিপসের রেসিপি তৈরি করা যায়, ক্যালবি তা যাচাই করছে।
তিনি বলেন, ‘পণ্য নিরীক্ষণ এবং ভোক্তার পছন্দ নিয়ে গবেষণা ও উন্নয়নের প্রক্রিয়াকে দ্রুততর করতে এআই সাহায্য করতে পারে। এর ফলে ক্যালবি নতুন পণ্য দ্রুত বাজারে নিয়ে আসতে পারবে। ভোক্তার অভ্যাস, স্বাদ ও সাংস্কৃতিক প্রভাবকগুলো বিশ্লেষণ করে পণ্যকে ভোক্তাদের উপযোগী করতে তুলতে পারবে। এআইয়ের সাহায্যে চিপসের পুরুত্ব, মচমচে ভাব, লবণ ও মসলার পরিমাণও নির্ধারণ করা সম্ভব।’
আনিস বলেন, ‘এআই ব্যবহার করে ক্যালবি এমন প্যাকেজিং উপকরণ তৈরির ওপর গবেষণা করছে, যা পরিবেশবান্ধব এবং চিপগুলোকে দীর্ঘ সময় তাজা রাখতে পারবে। খবর নিক্কেই এশিয়া।










