চলতি অর্থবছরের প্রথম আট মাসে (এপ্রিল-নভেম্বর) ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, রফতানি বাড়ার প্রধান কারণ ইতিবাচক উৎপাদন এবং ক্রেতা দেশগুলোয় ঊর্ধ্বমুখী চাহিদা। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।

দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানায়, চলতি অর্থবছরের জন্য যে পরিমাণ কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তার ৭৪ শতাংশই আট মাসে অর্জিত হয়েছে। বছরের বাকি সময়ে লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যেতে পারে রফতানি। ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ৩৫৬ কোটি ডলারের রফতানি লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রাথমিক তথ্যানুযায়ী, গত অর্থবছরের প্রথম আট মাসে দেশটি ১ হাজার ৫০৭ কোটি ডলারের কৃষি ও প্রক্রিয়াজাত পণ্য রফতানি করেছিল। এ বছরের একই সময় রফতানি করা হয়েছে ১ হাজার ৭৪৩ কোটি ডলারের পণ্য।

এপ্রিল-নভেম্বর পর্যন্ত প্রক্রিয়াজাত ফল ও সবজি রফতানি ৩২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। গত বছরের একই সময়ের তুলনায় তাজা ফল রফতানি বেড়েছে ৪ শতাংশ।

এছাড়া ডাল রফতানি ৯০ দশমিক ৪৯ শতাংশ, বাসমতি চাল ৩৯ দশমিক ২৬, পোলট্রি পণ্য ৮৮ দশমিক ৪৫, দুগ্ধপণ্য ৩৩ দশমিক ৭৭ ও গম রফতানি ২৯ দশমিক ২৯ শতাংশ বেড়েছে।