২০২৩ সালে জাপানের সুপারমার্কেটে বিক্রি ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এটি টানা চার বছর ধরে বেড়েছে। জাপান চেইন স্টোরস অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর মাইনিচি।

প্রকাশিত প্রতিবেদন অনুসারে, জাপানের সব সুপারমার্কেটের মোট বিক্রি ১৩ দশমিক ৫৬ ট্রিলিয়ন ইয়েন অর্থাৎ ৯ হাজার ১৯০ কোটি ডলারে পৌঁছেছে। এ বিক্রি বৃদ্ধির প্রধান কারণ হিসেবে দেখানো হয়েছে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ও মহামারী-পরবর্তী সময়ে ভ্রমণ চাহিদা বেড়ে যাওয়াকে।

গত বছর খাদ্যপণ্যের বিক্রি বেড়েছে ৩ দশমিক ১ শতাংশ। এছাড়া সরকার কভিড-১৯ বিধিনিষেধ শিথিল করার পর তৈরি খাবারের বিক্রি ৪ দশমিক ৯ শতাংশ বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য গৃহস্থালি পণ্য বিক্রি বেড়েছে ৩ দশমিক ৮ শতাংশ।

তবে পোশাক বিক্রি বেড়েছে মাত্র দশমিক ৯ শতাংশ। মার্চে শীতবস্ত্রের বিক্রি ভালো থাকলেও সেপ্টেম্বর, অক্টোবর ও ডিসেম্বরে উষ্ণ আবহাওয়ার কারণে চাহিদা কমেছে বলে জানিয়েছে সংস্থাটি।