উদীয়মান বাজার ও উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করে বাড়িয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চীনকে ঘিরে ইতিবাচক প্রবণতা ও যুক্তরাষ্ট্র–চীন শুল্ক কিছুটা কমে আসায় এ প্রবৃদ্ধি দ্রুত হতে পারে বলে মনে করছে সংস্থাটি। খবর রয়টার্স।

আইএমএফের নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে উদীয়মান অর্থনীতির প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ১ শতাংশ, যা আগে ছিল ৩ দশমিক ৭ শতাংশ। ২০২৬ সালের জন্যও পূর্বাভাস বাড়িয়ে ৪ শতাংশ করা হয়েছে। চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস ৪ শতাংশ থেকে বাড়িয়ে ৪ দশমিক ৮ শতাংশ করা হয়েছে।

তবে ঝুঁকিও রয়েছে। আগস্টে যুক্তরাষ্ট্র–চীনের মধ্যে স্থায়ী শুল্ক চুক্তি না হলে নতুন শুল্ক কার্যকর হতে পারে বলে সতর্ক করেছে আইএমএফ।

লাতিন আমেরিকার বৃহত্তম অর্থনীতি ব্রাজিলের প্রবৃদ্ধি ২০২৫ সালে নেমে আসতে পারে ২ দশমিক ৩ শতাংশে। রাশিয়া ও দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধির পূর্বাভাসও কমানো হয়েছে।

এদিকে বৈশ্বিক অর্থনীতির পূর্বাভাস ২০২৫ সালের জন্য বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছে। তবে জানুয়ারির তুলনায় এ হার এখনো কম।