খাদ্যের মূল্যবৃদ্ধির ফলে মূল্যস্ফীতির ধাঁধায় পড়েছে মিসর। দেশটির বার্ষিক হেডলাইন মূল্যস্ফীতি জুলাইয়ে সর্বকালের সর্বোচ্চ ৩৮ দশমিক ২ শতাংশে উঠেছে। মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা প্রকাশ করে বিশ্লেষকদের করা পূর্বাভাসের পথেই হাঁটছে নীল নদের দেশটি। মিসরের পরিসংখ্যান সংস্থা সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মোবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকস (ক্যাপমাস) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে। খবর আরব নিউজ।
চলতি বছরের জুনের রেকর্ড হেডলাইন মূল্যস্ফীতি ছিল ৩৬ দশমিক ৮ শতাংশ। জুনের এ রেকর্ড সর্বোচ্চ হারকেও টপকে যায় জুলাইয়ের ৩৮ দশমিক ২ শতাংশ মূল্যস্ফীতি, যা ২০২২ সালের জুলাইয়ের তুলনায় ১৪ দশমিক ৬ শতাংশ বেশি। ১৫ জন বিশ্লেষকের সমীক্ষার মধ্যবর্তী পূর্বাভাস দেখিয়েছে, জুলাইয়ে বার্ষিক শহুরে ভোক্তা মূল্যস্ফীতি ৩৬ দশমিক ৫ শতাংশে গিয়ে ঠেকেছে। এর আগে সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে সর্বোচ্চ ৩২ দশমিক ৯৫ শতাংশ শহুরে ভোক্তা মূল্যস্ফীতি রেকর্ড করা হয়েছিল।
টেক্সটাইল, রেডিমেড কাপড়সহ অন্যান্য জিনিসপত্রের দাম বাড়ার ফলে জামা-কাপড় ও জুতার দাম বার্ষিক ২৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এছাড়া বাসা ভাড়া, রক্ষণাবেক্ষণ ও মেরামত খরচ বাড়ার পাশাপাশি আবাসন, বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানি খরচ বার্ষিক ৬ দশমিক ৯ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে। চিকিৎসা ব্যয়ও অত্যন্ত বেড়ে গেছে। স্বাস্থ্যসেবা খাতে বার্ষিক ব্যয় বেড়েছে ২২ দশমিক ৬ শতাংশ।










