শাহ্জালাল ইসলামী ব্যাংকের মুদারাবা পারপেচুয়াল বন্ডের ট্রাস্টি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৩ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের ৮ দশমিক ২২ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দিয়েছিল। ঘোষিত এ মুনাফা ইউনিটধারীদের কাছে পাঠিয়েছে বন্ডটি। গতকাল ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বন্ডটি ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের জন্য ইউনিটধারীদের ৯ দশমিক ২৮ শতাংশ হারে মুনাফা দেয়ার ঘোষণা দিয়েছে। এর রিটার্ন রেট হবে ৬-১০ শতাংশ এবং মার্জিন রেট আড়াই শতাংশ। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য ৭ দশমিক ৮৭ শতাংশ মুনাফা দিয়েছে বন্ডটি।

শাহ্‌জালাল ইসলামী ব্যাংক আনসিকিউরড, কন্টিনজেন্ট-কনভার্টিবল, ফুললি পেইডআপ, নন-কিউমুলেটিভ, ব্যাসেল-৩ কমপ্লেইন্ট পারপেচুয়াল বন্ড ইস্যু করে বাজার থেকে ৫০০ কোটি টাকা উত্তোলন করেছে। এর মধ্যে বন্ডটির ৪৫০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে এবং অবশিষ্ট ৫০ কোটি টাকা পাবলিক অফারের মাধ্যমে ইস্যু করা হয়েছে। বন্ডটির ইউনিটপ্রতি অভিহিত মূল্য ৫ হাজার টাকা। বন্ডটির কুপন হার ৬ থেকে ১০ শতাংশ; যা আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসহ অন্যান্য যোগ্য বিনিয়েগাকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের অনুকূলে ইস্যু করা হয়েছে।

 ব্যাংকের এডিশনাল টায়ার-১ মূলধনের ভিত্তি শক্তিশালী করার জন্য এ বন্ড ইস্যু করা হয়েছে। প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিপশন ছিল ৫ কোটি টাকা এবং সাধারণ বিনিয়োগকারীদের জন্য এ বন্ডের ন্যূনতম সাবস্ক্রিশন ছিল ৫ হাজার টাকা। বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে এমটিবি ক্যাপিটাল লিমিটেড।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ করপোরেট বন্ডটির পরিশোধিত মূলধন ৫০ কোটি টাকা। এর মোট ইউনিট সংখ্যা এক লাখ। গতকাল বন্ডটির ইউনিটের সমাপনী দর ছিল ৪ হাজার ৭৬৬ টাকা। গত এক বছরে এ দর ৪ হাজার ৬৫০ টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে ওঠানামা করে।