বিশ্ববাজারে নিকেলের উদ্বৃত্তের আকার আরো বড় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। যার প্রধান কারণ ব্যাটারি উৎপাদন খাতে ধাতুটির ব্যবহার ধারণার চেয়েও অনেক নিচে নেমে যাওয়া। রাশিয়ার খনিজ ও ধাতব পণ্য জায়ান্ট নরনিকেলের সংশোধিত এক পূর্বাভাসে এ তথ্য উঠে এসেছে।

নরনিকেল বৈশ্বিক প্যালাডিয়াম ও উচ্চ গ্রেডের নিকেল উৎপাদনে শীর্ষ। কোম্পানিটির সংশোধিত পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর শেষে নিকেলের বৈশ্বিক উদ্বৃত্ত দাঁড়াতে পারে আড়াই লাখ টনে, যা আগের পূর্বাভাসে ছিল দুই লাখ টন।

পূর্বাভাসসংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, দুই বছর ধরে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নিকেলের মজুদ বাড়িয়েছে। বর্তমানে চাহিদা কম থাকায় সেসব মজুদ থেকেই ধাতুটি ব্যবহার করা হচ্ছে। নতুন করে আমদানির প্রয়োজন পড়ছে না। বিষয়টি বৈশ্বিক উদ্বৃত্ত বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে।

বৈদ্যুতিক গাড়িগুলোয় বর্তমানে লিথিয়াম আয়রন ফসফেট বা এলএফপি ব্যাটারির ব্যবহার বাড়ছে। এসব ব্যাটারি উৎপাদনে নিকেলের ব্যবহার হয় না। এসব ব্যাটারির বাজার হিস্যা বৃদ্ধিও ধাতুটির উদ্বৃত্ত বাড়ার অন্যতম কারণ।

বাজারসংশ্লিষ্টদের প্রত্যাশা, মাত্রাতিরিক্ত সরবরাহের কারণে আগামী বছরও বিশ্ববাজারে ধাতুটির উদ্বৃত্ত থাকবে। তবে সেটির পরিমাণ কিছুটা কমে ১ লাখ ৯০ হাজার টনে নামতে পারে।

নরনিকেল বলছে, নিকেলের বাজার উদ্বৃত্তে থাকলেও ঘাটতিতে থাকবে প্যালাডিয়াম। সংশোধিত পূর্বাভাস অনুযায়ী, ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে নয় লাখ আউন্সে, আগের পূর্বাভাসে যা ছিল দুই লাখ আউন্স।