জাপানের ইলেকট্রনিকস জায়ান্ট তোশিবা করপোরেশন ক্রয়ের আলোচনা শুরু করেছে টোকিওভিত্তিক একটি কনসোর্টিয়াম। বিষয় সম্পর্কে অবগত সূত্রের বরাতে জানা গেছে, কনসোর্টিয়ামটি ২ ট্রিলিয়ন ইয়েন বা ১ হাজার ৫০০ কোটি ডলারের অফার দিয়েছে। খবর কিয়োদো এজেন্সি।

জাপান ইন্ডাস্ট্রিয়াল পার্টনার্স (জেআইপি) নামে কনসোর্টিয়ামটিকে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ইয়েন ঋণ দিতে সম্মত হয়েছে একাধিক ঋণদাতা প্রতিষ্ঠান। এর মধ্যে সুমিতমো মিৎসুই ব্যাংকিং করপোরেশন ৫১ হাজার ৫০০ কোটি ইয়েন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছে। মিজুহু ব্যাংক দেবে ৪৬ হাজার কোটি ইয়েন। এছাড়া সুমিতমো মিৎসুই ট্রাস্ট ব্যাংক দিতে চায় ২২ হাজার কোটি ইয়েন। 

কনসোর্টিয়ামের অংশ হিসেবে প্রায় ২০টি জাপানি কোম্পানি তোশিবায় ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করতে চায়। ২০টি কোম্পানির মধ্যে রয়েছে অরিক্স করপোরেশন ও রম করপোরেশন।