বাংলাদেশ থেকে আরো উচ্চমূল্যের পোশাক সোর্সিংয়ের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান। গতকাল এক বৈঠকে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক অ্যাপারেল ও ফুটওয়্যার কোম্পানি ভিএফ করপোরেশনের প্রতি এ আহ্বান জানান তিনি।
ভিএফ করপোরেশনের গ্লোবাল সাসটেইনেবিলিটি, রেসপনসিবিলিটি অ্যান্ড ট্রেডের ভাইস প্রেসিডেন্ট শন ক্যাডি বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সৌজন্য সাক্ষাতে গেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আলোচনায় পোশাক খাতের বর্তমান পরিস্থিতি, প্রবৃদ্ধির সম্ভাবনা, দীর্ঘমেয়াদি রূপকল্প ও শিল্পের প্রতিযোগী সক্ষমতা বাড়ানোর জন্য চলমান প্রচেষ্টার বিষয়ে আলাপ হয়। বৈঠকের মূল বিষয় ছিল বাংলাদেশে ভিএফ করপোরেশনের ব্যবসায়িক উপস্থিতি জোরদার করার উপায়গুলো খুঁজে বের করা এবং বিখ্যাত পোশাক ব্র্যান্ডটির সঙ্গে একটি গভীর সম্পর্ক গড়ে তোলা।
উভয় পক্ষ অভিন্ন সাসটেইনেবিলিটি লক্ষ্য অর্জনে, বিশেষ করে ভিএফ এর বাংলাদেশী সরবরাহকারীদের উৎপাদন প্রক্রিয়ায় টেকসই অনুশীলন গ্রহণে সহায়তা করার জন্য সম্ভাব্য সহযোগিতার বিষয়ে কথা বলে।
আলোচনায় দক্ষতা উন্নয়ন, বিশেষ করে মিড-লেভেল ব্যবস্থাপনা এবং শ্রমিকদের কল্যাণমূলক উদ্যোগে সহযোগিতামূলক সুযোগগুলোর বিষয়ও উঠে আসে। ফারুক হাসান ভিএফ করপোরেশনকে বাংলাদেশী সরবরাহকারীদের উচ্চ চাহিদাসম্পন্ন পোশাকের পণ্য ডিজাইন ও উৎপাদনে সক্ষমতা বাড়ানোর জন্য অংশীদারত্ব জোরদার করার জন্য আহ্বান জানান।
টেকসই প্রবৃদ্ধির প্রতি শিল্পের প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বিজিএমইএর টেকসই কৌশলগত রূপকল্প ২০৩০-এর উল্লেখ করেন এবং বলেন, ‘এ রূপকল্প টেকসই শিল্প প্রবৃদ্ধির জন্য একটি পথনকশা দেয়, যার অগ্রাধিকারে রয়েছে ইতিবাচক পরিবেশগত ও সামাজিক প্রভাব।’
বৈঠকে আরো উপস্থিত ছিলেন বিজিএমইএর সহসভাপতি মো. নাসির উদ্দিন, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক আবদুল্লাহ হিল রাকিব এবং ভিএফ করপোরেশনের দক্ষিণ এশিয়া ও ইন্দোনেশিয়ার আঞ্চলিক পরিচালক জেসিকা নুরসুসহ আরো অনেকে।










