চলতি বছরের প্রথম প্রান্তিকে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজস্ব ৩ হাজার ১৫০ কোটি ডলার অতিক্রম করেছে। অর্থনীতিকে সম্প্রসারণ ও বহুমাত্রিক করার প্রচেষ্টায় গৃহীত উদ্যোগের প্রভাব পড়েছে রাজস্বের সূচকে। সম্প্রতি দেশটির অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত ইউএই গভর্নমেন্ট ফাইন্যান্স স্ট্যাটিসটিকস রিপোর্টে এমনটাই উঠে এসেছে। খবর দ্য ন্যাশনাল।

ইউএইর মোট রাজস্বের মধ্যে ট্যাক্স রয়েছে ৬ হাজার ৩৫০ কোটি দিরহাম। তার মাধ্যে ৩৯০ কোটি দিরহাম এসেছে সামাজিক অবদান থেকে। বাকি ৪ হাজার ৮২০ কোটি দিরহাম এসেছে স্থাবর সম্পত্তি, পণ্য বেচাকেনা, জরিমানা ও অন্যান্য খাত থেকে। বিপরীতে খরচের মধ্যে রয়েছে বিনিয়োগ, শ্রমিকদের মজুরি, ভর্তুকি ও বৃত্তি প্রদান ও অন্যান্য বিষয়।

ইউএইর মন্ত্রিসভা অক্টোবরে ২০২৩-২৬ সময়ের জন্য বাজেদ অনুমোদন দেয়। সেখানে সার্বিক ব্যয় ২৫ হাজার ২৩০ কোটি দিরহাম ও সার্বিক রাজস্ব ২৫ হাজার ৫৭০ কোটি দিরহাম ধরা হয়েছে। কেবল ২০২৩ অর্থবছরের জন্য মন্ত্রিসভায় অনুমোদিত খরচ ধরা হয়েছে ৬ হাজার ৩০৬ কোটি দিরহাম, যেখানে অনুমিত রাজস্ব ৬ হাজার ৩৬১ কোটি দিরহাম।