চলতি মৌসুমের এখন পর্যন্ত ইউক্রেনের খাদ্যশস্য রফতানি লক্ষণীয় মাত্রায় কমেছে। খাদ্যশস্য রফতানি চুক্তি সম্প্রসারণ হলেও রাশিয়া রফতানি জাহাজ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সময়ক্ষেপণ করছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। এতে রফতানি গতি হারাচ্ছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
২০২২-২৩ বিপণন মৌসুমের এখন পর্যন্ত ইউক্রেন ১ কোটি ৯৭ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছে। গত মৌসুমের একই সময়ের তুলনায় রফতানি ৩১ দশমিক ৫ শতাংশ কমেছে। ওই সময় দেশটি ২ কোটি ৮৭ লাখ টন খাদ্যশস্য রফতানি করেছিল। ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মোট রফতানির মধ্যে ৭৩ লাখ টন গম, ১ কোটি ৮ লাখ টন ভুট্টা ও ১৫ লাখ টন যব রফতানি করা হয়েছে।
মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানি চুক্তি সম্প্রসারিত হওয়ায় চার মাসের মধ্যে ৪২ লাখ টন শস্য রফতানির সম্ভাবনা তৈরি হয়েছে। এর আগের প্রাক্কলনে রফতানির পরিমাণ ধরা হয়েছিল মাত্র ১৮ লাখ টন।
ইউএসডিএর প্রত্যাশা, মৌসুম শেষে ইউক্রেনের গম রফতানির পরিমাণ দাঁড়াবে ১ কোটি ৫১ লাখ টনে। এছাড়া যব রফতানি ২৮ লাখ ও ভুট্টা রফতানি ২ কোটি ২ লাখ টনে উন্নীত হতে পারে।










