পাকিস্তানের জ্বালানি খাতের সহায়তায় ২৪ কোটি ডলারের ঋণ দেবে সৌদি আরব। দক্ষিণ-পশ্চিম খাইবার পাখতুনখাওয়া প্রদেশে মোহমান্দ ড্যাম প্রকল্পে এ অর্থ ব্যয় করা হবে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন পাকিস্তানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালকি এবং অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্ত্রণালয়ের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে দেয়া এক টুইটে বলা হয়, সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট থেকে ২৪ কোটি ডলারের এ ঋণ পাকিস্তানের জ্বালানি নিরাপত্তাকে আরো মজবুত করবে। 

চুক্তি স্বাক্ষরের পর মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, মোহমান্দ ড্যাম প্রকল্প খাদ্য ও পানির সুরক্ষার উন্নয়ন ঘটাবে। পাশাপাশি খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আর্থসামাজিক উন্নয়নও নিশ্চিত করবে।