গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ কমাতে চায় নিউজিল্যান্ড। সেজন্য দেশে হাইব্রিড বা বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়েছে দেশটির সরকার। তাই নাগরিকদের এ ধরনের গাড়ি ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। পাশাপাশি স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য হাইব্রিড ও বিদ্যুচ্চালিত গাড়ি কিনতে আর্থিক সহায়তার ঘোষণাও দেয়া হয়েছে। খবর এপি।

প্রাথমিক প্রকল্পের জন্য ৩৫ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ের পরিকল্পনা করেছে নিউজিল্যান্ড সরকার। এছাড়া বিশদ যে পরিকল্পনা করা হয়েছে সেখানে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য ভর্তুকিও রাখা হয়েছে। ২০৩৫ সালের মধ্যে গণপরিবহনে ব্যবহূত সব বাস পরিবেশবান্ধব করতে চায় দেশটি। এছাড়া খাদ্যবর্জ্য সংগ্রহেও বেশকিছু পরিবর্তন আনার পরিকল্পনা নেয়া হয়েছে।

এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডার্ন বলেন, এসব পদক্ষেপের মাধ্যমে আমাদের দেশ কার্বন নিরপেক্ষতার দিকে এগিয়ে যাবে। সম্প্রতি সমুদ্রসীমার উচ্চতা বেড়ে যাওয়ার বিষয়টি আমরা সবাই শুনেছি। এর কী প্রভাব নিউজিল্যান্ডের ওপর পড়ছে তাও দেখেছি। জলবায়ু পরিবর্তনের এ সমস্যাগুলো দ্রুতই সমাধান করতে হবে। শিগগিরই নিউজিল্যান্ডের গ্রাহক এমন একটি স্কিম পাবেন সেখানে তিনি কোন পদ্ধতিতে নিঃসরণ কমাতে চান তার বিস্তারিত উল্লেখ থাকবে।

২০১৬ সালে প্যারিস চুক্তিতে সই করা দেশগুলোর একটি হলো নিউজিল্যান্ড। ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামাতে চায় দেশটি। আর সে লক্ষ্যেই এসব পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। গত সপ্তাহেই এ পরিকল্পনা অনুমোদনের কথা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী কভিড পজিটিভ হওয়ার কারণে তা কিছুটা পিছিয়ে যায়।

কার্বন নিঃসরণ শূন্যে নামাতে দেশের প্রতিটি মানুষকে অবদান রাখতে হবে বলে মন্তব্য করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি গোষ্ঠী, প্রতিটি খাতসংশ্লিষ্টকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো গেলে পরিবারগুলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির হাত থেকে রক্ষা পাবে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৩ বছরে ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের পরিমাণ ২০ শতাংশ কমিয়ে আনবে নিউজিল্যান্ড। শহর এলাকায় সাইকেল ব্যবহারের জন্য সুযোগ-সুবিধা বাড়ানো হবে। পথচারী ও সাইকেল আরোহীদের জন্য বিশেষ সুবিধা সৃষ্টি করা হবে।

জরুরি জলবায়ু মোকাবেলা তহবিল থেকে এ প্রকল্পের জন্য ২৮০ কোটি ডলার ব্যয় করা হবে। সংশ্লিষ্টরা বলছেন, সময়ের সঙ্গে সঙ্গে এ প্রকল্পে আরো অর্থ যোগ হবে। আর তা নিউজিল্যান্ডের মানুষের কর থেকে না যুক্ত করে দূষণকারী দেশগুলো থেকে সংগ্রহ করা হবে।

কিন্তু বর্তমানে এ পরিকল্পনায় কিছু ঘাটতি রয়ে গেছে। যেমন অধিক জ্বালানি ব্যয় হওয়া গাড়িগুলো প্রতিস্থাপনে বিশদ বিবরণ দেয়া হয়নি। সরকার বলছে, আগামী মাসগুলোয় এ বিষয়গুলো চূড়ান্ত করা হবে। কিছু সমালোচক বলেছেন, এ পরিকল্পনায় দেশের বিশাল কৃষি শিল্পে একটি সহজ যাত্রা অব্যাহত রাখা হয়েছে। যদিও এ খাত মোট গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের প্রায় অর্ধেক অবদান রাখে। আবার খাতটি বৃহত্তম রফতানি আয়ের উৎস হিসেবে অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ।

এসিটি পার্টির নেতা ডেভিড সেমুর বলেন, ঘোষিত কিছু নীতি যেমন নগদ প্রণোদনা দেয়ার বিষয়টি অনেক দেশে চেষ্টা করা হয়েছে এবং এটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। এ উদ্যোগ কার্বন নিঃসরণ কমাতে খুব কমই অবদান রেখেছে। এজন্য বাজারভিত্তিক নিঃসরণ ট্রেডিং স্কিমের মাধ্যমে ভোক্তারা কীভাবে কার্বন নিঃসরণ কমাতে পারে সেই পরিকল্পনা করা উচিত।