মালয়েশিয়ায় পাম অয়েলের ভবিষৎ সরবরাহ মূল্য বেড়েছে ২ শতাংশ পর্যন্ত। গতকাল অপরিশোধিত পাম অয়েল ও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধির ফলে এমনটা হয়েছে। আগামী জুলাইয়ে সরবরাহ চুক্তিতে বুসরা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে পাম অয়েলের দাম ২ দশমিক ৫৩ শতাংশ বেড়ে টনপ্রতি ৯২৪ ডলার ৮৭ সেন্টে দাঁড়িয়েছে। যদিও গত সেশনে ভোজ্যতেলটির দাম দশমিক ৮ শতাংশ কমেছিল। খবর রয়টার্স।
মালয়েশিয়ার কার্গো জরিপকারীদের পরিসংখ্যান অনুযায়ী, আগের তুলনায় ১ থেকে ২০ এপ্রিলের মধ্যে মালয়েশিয়ার পাম অয়েল রফতানি বেড়েছে ১০ শতাংশ, ঠিক আগের মাসের তুলনায় যা প্রায় ১২ দশমিক ৭ শতাংশ হারে বেড়েছে।
তবে প্রত্যাশিত লক্ষ্যমাত্রার তুলনায় রফতানি কিছুটা কম বলেও জানান ব্যবসায়ীরা। বিশেষ করে পাম অয়েলের সবচেয়ে বড় ক্রেতা ভারতে নভেল করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় রফতানিতে কিছুটা ভাটা পড়েছে। ফলে দেশটিতে পাম অয়েল রফতানির প্রত্যাশিত লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হচ্ছে না বলে ব্যবসায়ীরা মনে করছেন।
মালয়েশিয়ান পাম অয়েলের তৃতীয় বৃহত্তম ক্রেতা ইউরোপীয় ইউনিয়ন ২০২০-২১ সেশনে মোট ৪২ লাখ ৩০ হাজার টন ট্রপিক্যাল অয়েল (নারকেল, পাম, পাম কার্নেল তেল) আমদানি করেছে। ২০১৯-২০ সেশনে এর পরিমাণ ছিল ৪৫ লাখ ৫০ হাজার টন।
এদিকে চীনের দালিয়ানে সয়াবিন তেলের চুক্তিমূল্য বেড়েছে ১ দশমিক ৩ শতাংশ এবং পাম অয়েলের চুক্তিমূল্য ১ দশমিক ৮ শতাংশ বেড়েছে। শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সয়াবিন তেলের দাম বেড়েছে দশমিক ৮ শতাংশ।










