পুঁজিবাজারে তালিকাভুক্ত সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেডের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-টু’। সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৩ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং প্রকাশের দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত ২০২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ৩ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে এসবিএসি ব্যাংকের পর্ষদ। এ লভ্যাংশে এরই মধ্যে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়া হয়েছে। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত)। গত বছরের ৩১ ডিসেম্বর শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ২ পয়সা (পুনর্মূল্যায়িত)।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য মোট ৪ শতাংশ লভ্যাংশ দিয়েছে এসবিএসি ব্যাংক। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ১ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৬ পয়সা (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৯ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২১ শেষে ব্যাংকটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকা ২ পয়সায় (পুনর্মূল্যায়িত), আগের হিসাব বছর শেষে যা ছিল ১৩ টাকা ৫৯ পয়সা।
২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ও পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা।
রিজার্ভে রয়েছে ২৩০ কোটি ৪৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ৮২ কোটি ৪১ লাখ ৯১ হাজার ৬৫০। এর মধ্যে ৭৫ দশমিক ৫১ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৯ দশমিক ৩১ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং বাকি ১৫ দশমিক ১৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ডিএসইতে ঈদুল আজহা পূর্ববর্তী লেনদেন শেষে ব্যাংকটির শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ১০ টাকা ৫০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ১০ টাকা ৪০ ও ১২ টাকা ১০ পয়সা।
কোম্পানিটির সর্বশেষ নিরীক্ষিত ইপিএস ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৫ দশমিক ৯১, হালনাগাদ প্রান্তিক প্রতিবেদনের ভিত্তিতে যা ১৫ দশমিক ৪৪।










