দেশের পুঁজিবাজারে আজ লেনদেনের শুরুতেই অস্থিরতা দেখা যাচ্ছে। শেয়ার বিক্রির চাপে বড় পতনের পথে রয়েছে পুঁজিবাজার। লেনদেন শুরুর প্রথম তিন ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ডিএসইএক্স ১ দশমিক ২৫ শতাংশ কমেছে। 

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ সকাল ১০ টায় লেনদেন শুরুর পর কয়েক মিনিট পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল সূচক। এরপর থেকেই শেয়ার বিক্রির চাপে পয়েন্ট হারাতে থাকে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স। বেলা ১০টা ৫০ মিনিটের দিকে ঘুরে দাঁড়িয়ে ইতিবাচক অবস্থানে ছিল সূচকটি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা ১টা পর্যন্ত সূচকটি আগের দিনের তুলনায় প্রায় ৮১ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। 

অন্য সূচকগুলোর মধ্যে ডিএস-৩০ সূচক এদিন বেলা ১টা পর্যন্ত ১ শতাংশ কমে ২ হাজার ৩৪১ ও শরিয়াহ সূচক ডিএসইএস ১ শতাংশ কমে ১ হাজার ৩৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ২৯৮টির আর অপরিবর্তিত ছিল ২৮টি সিকিউরিটিজের বাজারদর। এসময় পর্যন্ত স্টক এক্সচেঞ্জটিতে ৫০৯ কোটি টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে।