নতুন বছরে পেঁয়াজের রফতানি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত। আগামী ১ জানুয়ারি থেকে এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
এর আগে ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের দাম বেড়ে গেলে গেল ১৪ সেপ্টেম্বর পণ্যটি রফতানিতে নিষেধাজ্ঞা জারি করে সে দেশের সরকার। মসলাজাতীয় পণ্যটিতে বিশ্বের সবচেয়ে বড় রফতানিকারক দেশ ভারতের উপর নির্ভরশীল থাকার কারণে বেশ বিপাকে পড়ে বাংলাদেশের আমদানিকারকরা। এতে দেশের বাজারে পণ্যটির মূল্যও বেড়ে যায়। বাধ্য হয়ে মিয়ানমার, চীন, মিসর, তুরস্ক, চীন, ইরানসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির চেষ্টা করে সরকার।
ভারতের নিষেধাজ্ঞার এক সপ্তাহ পরেই পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এদিকে ট্রাক সেলের মাধ্যমে ন্যায্যমূল্যে পেঁয়াজ সরবরাহ করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এরই মধ্যে বাজারে উঠেতে শুরু করেছে নতুন পেঁয়াজ। সবমিলিয়ে পেঁয়াজের দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতিতে রফতানি নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে প্রতিবেশী ভারত।
এনডিটিভির খবরে বলা হয়, গতকাল এক প্রজ্ঞাপনে ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, সব ধরনের পেঁয়াজের রপ্তানির অনুমতি দেওয়া হবে।










