প্রাকৃতিক রাবারের বাজার স্থিতিশীল করতে রফতানি আরো কমিয়ে আনতে চায় শীর্ষ উৎপাদক দেশগুলোর জোট ইন্টারন্যাশনাল ট্রাইপার্টাইট রাবার কাউন্সিল (আইটিআরসি)। প্রাকৃতিক রাবারের শীর্ষ তিন উৎপাদক দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও মালয়েশিয়াকে নিয়ে গঠিত এ জোট সম্প্রতি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
সম্প্রতি জাকার্তায় অনুষ্ঠিত এক বৈঠকে রফতানি কমিয়ে আনার এ সিদ্ধান্ত নিয়েছে জোটটি। এগ্রিড এক্সপোর্ট টনেজ স্কিমের (এইটিএস) আওতায় এ রফতানি কমিয়ে আনতে চায় জোটটি।
ইন্দোনেশিয়ার রাবার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ময়েনারজি সোয়েডারগো বলেন, এইটিএস সময়সীমা বাড়ানোর বিষয়ে গত আগস্টের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। কারণ সে সময় আশঙ্কা করা হচ্ছিল, ছত্রাকের আক্রমণের ফলে ইন্দোনেশিয়ার একটি অংশে রাবারের উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে কমে যাবে। এছাড়া বিরূপ আবহাওয়া ও দাম কম থাকায় সব মিলিয়ে এ বছর জোটটির সম্মিলিত উৎপাদন আট লাখ টন কম হওয়ার আশঙ্কা করছে। এর মধ্যেই বাজার স্থিতিশীল করতে নতুন করে রফতানি কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে জোটটি। এর আগে চলতি বছরের চার মাস জোটটি তাদের রফতানি কমিয়ে দেয়।
বৈশ্বিক রাবারের প্রায় ৭০ শতাংশের বেশি উৎপাদন হয় দেশ তিনটিতে। দীর্ঘদিন নিম্নমুখী থাকা বাজার চাঙ্গা করতে গত মার্চে ২ লাখ ৪০ হাজার টন রাবার কম রফতানির সিদ্ধান্ত নেয় জোটটি। তবে মে মাসের শেষ থেকে সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময়ের মধ্যে জোটটি রাবার রফতানি লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি কমিয়ে আনে। এ চার মাসে জোটটি তাদের রফতানি ৪ লাখ ৪১ হাজার ৬৪৮ টন কমিয়ে দেয়।









